জাতীয় সড়ক থেকে উঠে যাবে ব্যারিকেড, বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

Published:

Government of West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যে বিজেপি সরকার আসতেই যেন ভোল বদলাচ্ছে শাসন ব্যবস্থায়। একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে নতুন সরকার (Government of West Bengal), যা তৃণমূল কংগ্রেসের সরকার গত ১৫ বছরেও করতে পারেনি। এতদিন পর্যন্ত জাতীয় সড়ক থেকে শুরু করে শহর বা গ্রামের বিভিন্ন রাস্তায় ইচ্ছা মতো গার্ডরেল বা ব্যারিকেড (Barricade) দিয়ে রাখত পুলিশ। আর এই গার্ডরেলের জন্য গাড়ির গতি কমে যেত, ড্রাইভারদের সমস্যায় পড়তে হত, এমনকি দুর্ঘটনা পর্যন্ত ঘটত। তবে এবার সেই গার্ডরেল সরানোর পথে সরকার।

রাস্তা থেকে উঠে যাবে গার্ডরেল

আসলে জাতীয় সড়কের উপরে একের পর এক গার্ডরেল রেখে দেওয়া নিত্যদিনের চিত্র। আর এটি অন্য কোনও রাজ্যে দেখা যায় না। শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই লক্ষ্য করা যায়। কলকাতা পুলিশ থেকে বেঙ্গল পুলিশ, রাস্তার যেখানে সেখানে এই গার্ডরেল চাপিয়ে দিত এতদিন, যা গাড়ি চালকদের সমস্যায় ফেলত। তবে নতুন সরকার আসতেই সেই বাধা দূর হতে চলেছে। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাস্তার মাঝখানে অযথা কোনও গার্ডরেল রাখা যাবে না। যার ফলে নির্দ্বিধায় যাতায়াত করতে পারবে গাড়িগুলি।

জাতীয় সড়কে গাড়ির গতি কমানোর জন্য এবং দুর্ঘটনার রোধ করার জন্যই এতদিন পর্যন্ত যেখানে সেখানে এই ব্যারিকেড বা গার্ডরেল দেওয়া থাকত। তবে অভিযোগ ওঠে, কোনও নির্দিষ্ট বিধি না মেনে ব্যারিকেড দেওয়ার কারণে সেগুলি উল্টে আরও দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর এ বিষয়ে গতবছর হাইকোর্টে একটি জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছিল। কিন্তু রাজ্যকে আদালত জানিয়েছিল যে, রাতে যান নিয়ন্ত্রণ এবং ভিন রাজ্য থেকে আসা পণ্যবাহী গাড়িগুলোর উপর নজরদারি রাখার জন্যই জাতীয় সড়কে গার্ডরেল বা ব্যারিকেড বসানো থাকে। দুর্ঘটনা বা গাড়ির গতি কমাতে ব্যারিকেড জরুরী।

আরও পড়ুন: পুননির্বাচনের আগে হাইকোর্টে ফলতার ‘পুষ্পা’, রক্ষাকবচের দাবি জাহাঙ্গীর খানের

তবে নতুন সরকার ক্ষমতায় আসতেই বদলে যাচ্ছে সবকিছু। রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অযথা রাস্তার মাঝখানে কোনও গার্ডরেল বা ব্যারিকেড বসানো যাবে না। এতে দুর্ঘটনা অনেকটাই কমবে। যেখানে শুধুমাত্র দরকার সেখানেই নির্দিষ্ট বিধি মেনে এই গার্ডরেল বসাতে হবে।