উন্নয়নে ১৬০০ কোটি, কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্তি, পুরুলিয়ায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Published:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্যজুড়ে পালিত হচ্ছে করম পুজো। বিশেষ করে জঙ্গলমহলে আজ উৎসবের আমেজ। পুরুলিয়ায় করম পুজো ঘিরে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। আর সেখানেই অংশ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আদিবাসী সম্প্রদায়ের অনুষ্ঠানে যোগ দিয়ে এদিন তাদের উদ্দেশ্যে একাধিক বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। কোটি কোটি টাকার উন্নয়নের কাজের ঘোষণার পাশাপাশি মুখ্যমন্ত্রী আজ আদিবাসী আন্দোলনের কথাও বলেন। এমনকি কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার কথাও জানিয়েছেন তিনি।

আদিবাসীদের উদ্দেশ্যে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গের আদিবাসী এলাকায় বিশেষত কুড়মালি এবং রাজবংশী ভাষাভাষী মানুষজন বসবাস করেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটি ভাষাকে রাজ্যের সরকারি ভাষার মর্যাদা দিয়েছিলেন। তবে এখন কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করার দাবি চলছে রাজ্যজুড়ে। সেই ইস্যুতে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, “আগের সরকার কোনও প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। উল্টে আন্দোলনের সময় পুলিশকে ব্যবহার করা হয়েছে। মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ছাড় পায়নি শিশু-বৃদ্ধরাও। আমরা কুড়মালি এবং রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত করব।”

শুভেন্দুর আরও সংযোজন, “সাঁওতালি ভাষাকে অষ্টম তফসিলে জায়গা দেয়নি তৎকালীন কংগ্রেস। অটল বিহারী বাজপেয়ীজি ছিলেন। আপনাদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্যকে যদি কেউ স্বীকৃতি দিয়ে থাকে তাহলে সেটা বিজেপি। মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন। অবশ্যই সংকল্পপত্রের প্রতিশ্রুতি রাখব। কর্মীদের বিরুদ্ধে যত মামলা হয়েছে, সব প্রত্যাহার করা হবে। আর দ্রুত সেই প্রক্রিয়া শুরু হবে এবং দ্রুত শেষও হবেই।”

আরও পড়ুন: “মমতার কথা চিন্তা করলে ব্লাড প্রেসার বাড়বে” বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী

এ ছাড়া ইউসিসি নিয়ে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “অভিন্ন দেওয়ানি বিধির জন্য কমিশন গড়েছি। অজিতবাবুরা ফোন করেছিলেন। বলেছিলেন, যেন তাদের ইউসিসির বাইরে রাখা হয়। সেই অনুযায়ী ইউসিসির বাইরেই রাখা হয়েছে কুড়মি সমাজকে। ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং অধিকার আপনারা আমার কাছ থেকে বুঝে নেবেন।” এমনকি আদিবাসী সম্প্রদায়ের উন্নয়নের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে, রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতর তাঁর হাতেই রয়েছে। আর সেই দফতরের জন্য মোট ১৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা পুরোপুরি পশ্চিমাঞ্চলের উন্নয়নে খরচ হবে। এছাড়া কুড়মি উন্নয়ন পর্ষদ সক্রিয় করার জন্য আগের সরকার যেখানে মাত্র ১০ কোটি টাকা বরাদ্দ করেছিল, বিজেপি সেখানে ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।