অনন্যা সরকার, হুগলি: ভারতীয় রেলের থেকে আগেই পেয়েছিলেন বিশেষ সম্মান। এবার এল আন্তর্জাতিক সম্মান। এশিয়া ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে উজ্জ্বল অক্ষরে নিজের নাম লেখালেন বাংলার চন্দননগরের হস্ত ও বাঁশ শিল্পী গণেশ ভট্টাচার্য। বাঁশের জাদুতে আন্তর্জাতিক আঙিনায় ইতিহাস গড়লেন তিনি। গত জুলাই মাসে শিল্পীর তৈরি রেল ইঞ্জিনের নিখুঁত মডেলটি দিল্লির জাতীয় রেল সংগ্রহালয়ে (National Rail Museum) স্থায়ী প্রদর্শনীর জন্য স্থান করে নিয়েছিল। এখন এই অভূতপূর্ব শিল্পকর্মের জন্য ‘এশিয়া বুক অফ রেকর্ডস’ (Asia Book of Records) এবং ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ (India Book of Records)-এ নাম তুললেন হস্তশিল্পী গনেশ ভট্টাচার্য।
বাংলার শিল্পীর আন্তর্জাতিক স্বীকৃতি
হুগলির চন্দননগরের প্রখ্যাত কারিগর গণেশ ভট্টাচার্য তাঁর হাতে তৈরি বাঁশের শিল্পকর্মের জন্য সুপরিচিত। জাতীয় স্তরে স্বীকৃতি আগেই পেয়েছেন, এবার তাঁর সৃষ্টিকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে গিয়ে এক অনন্য ইতিহাস গড়লেন শিল্পী। বাঁশের ফালি দিয়ে তৈরি ‘ডাব্লিউডিপি-৪ লোকোমোটিভ ডিজেল ইঞ্জিন’-এর অত্যন্ত সূক্ষ্ম প্রতিকৃতির জন্য তিনি এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে স্থান পেয়েছেন।
গত জুলাই মাসে গনেশ ভট্টাচার্যের তৈরি ভারতীয় রেলের বিখ্যাত ডিজেল ইঞ্জিনের মডেলটি দিল্লির বিশ্ববিখ্যাত জাতীয় রেল জাদুঘরে স্থায়ী প্রদর্শনের জন্য স্থান করে নিয়েছে। কেবল সাজিয়ে রাখার জন্য নয়, গণেশ বাবু তাঁর এই শিল্পকর্মে ইতিহাস ও প্রকৌশলবিদ্যার এক অপূর্ব মেলবন্ধন ঘটিয়েছেন। মিউজিয়ামে এই শিল্পকর্মটি স্থায়ীভাবে স্থান দেওয়ার পাশাপাশি, সহকারী আধিকারিক গণেশ ভট্টাচার্যকে একটি আনুষ্ঠানিক প্রশংসাপত্র দিয়ে সম্মানিত করেন। বাংলার শিল্পকর্ম এখন আন্তর্জাতিক স্তরেও প্রশংসিত হল।
আরও পড়ুন: ৬০০০ রোগীর বিনামূল্যে চোখের চিকিৎসা, কথা রাখলেন তরুণজ্যোতি
সম্পূর্ণ বাঁশ দিয়ে নিপুণ দক্ষতার সাথে তৈরি এই মডেলটি ভারতীয় রেলের ইঞ্জিনের প্রতিটি বৈশিষ্ট্যকে নিখুঁতভাবে তুলে ধরে। তাই, গনেশ ভট্টাচার্য তাঁর অসামান্য কারিগরি দক্ষতার স্বীকৃতিস্বরূপ এশিয়া বুক অফ রেকর্ডস এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে বিশেষ সম্মাননা অর্জন করে নিয়েছেন। রাজ্য ও জেলা পর্যায়ে একাধিক পুরস্কারে ভূষিত শিল্পীর এই গৌরবময় স্বীকৃতি সারা বাংলা ও ভারতের হস্তশিল্পের জন্য অত্যন্ত গর্বের বিষয় হয়ে উঠেছে।










