সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক কাজ করে চলেছে পশ্চিমবঙ্গের নতুন সরকার (Government of West Bengal)। নেওয়া হচ্ছে একের পর এক প্রশাসনিক, সাংগঠনিক, রাজনৈতিক সিদ্ধান্ত। এবার শিক্ষা ব্যবস্থা নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটল শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন বিজেপি সরকার। মূলত শিক্ষার হাল ফেরাতে এবার কলেজগুলিতে একটি বিশেষ কাজ বাধ্যতামূলক করা হল। আপনিও কি কলেজে শিক্ষকতা করেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য।
সব কলেজে চালু হচ্ছে বায়োমেট্রিক
আগামী দিন থেকে আর কলেজ শিক্ষকরা নিজেদের মনমর্জি মতো কলেজে ঢুকতে বা বেরোতে পারবেন না, বলা ভালো বায়োমেট্রিক উপেক্ষা করতে পারবেন না। কারণ স্কুলের মতো এবার রাজ্যের সব কলেজে বায়োমেট্রিক পদ্ধতিতে শিক্ষক-শিক্ষাকর্মীদের প্রবেশ-প্রস্থান চালু করতে সরকার তৎপর হতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। এই নিয়ে একটি হাইভোল্টেজ বৈঠক অবধি হয়েছে বলে খবর। তৃণমূল সরকারের আমল থেকেই এই নিয়ম লাগু হলেও সরকারি কলেজগুলিতে এই বিষয়টি এখনও অবধি লাগু হয়নি। তবে এবার সেখানেও বায়োমেট্রিক পদ্ধতি চালু হতে চলেছে বলে জানালেন রাসবিহারীর বিধায়ক স্বপন দাশগুপ্ত এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ।
আরও পড়ুনঃ বাড়বে ট্রেনের গতি, সময় লাগবে কম! হাওড়া-দিল্লি রুটে ৯৬২ কোটির প্রকল্প রেলের
বিকাশ ভবনে উচ্চ আধিকারিকদের সঙ্গে দেখা করলেন বিজেপির বিধায়কেরা। এরপরেই বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হবে বলে জানান বিধায়করা। সেইসঙ্গে শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত করার আহবান জানিয়েছে সরকার। শঙ্কর ঘোষ বলেন, ‘শিক্ষার সঙ্গে যুক্ত সব বিধায়কদের মতামত নিয়ে নথিবদ্ধ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বিষয়টি খতিয়ে দেখবেন। বর্তমানে শিক্ষা মন্ত্রকের দায়িত্ব যে হেতু মুখ্যমন্ত্রী নিজে সামলাচ্ছেন, তিনিই এ ক্ষেত্রে সরকারি নীতির বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
পাঠ্যক্রমেও আসছে বদল?
সেইসঙ্গে পাঠ্যক্রম বদলের বিষয় নিয়েও কমিটি গড়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিধায়ক। সত্যিই কি এবার পাঠ্যক্রমে সিঙ্গুর আন্দোলনের ইতিহাসের মতো বিষয় বাদ পড়বে? এই প্রসঙ্গে বিধায়করা জানান, ‘পশ্চিমবঙ্গে পুনর্জীবনের যে কথা বলা হয়েছে, সেখানে শিক্ষার গুরুত্বপূর্ণ স্থান আছে। এতে স্কুল শিক্ষা এবং উচ্চ শিক্ষা দুটোই আছে। উচ্চ শিক্ষাকে আগের স্থানে ফিরিয়ে আনাই হবে আমাদের লক্ষ্য।’










