স্কুলে যাওয়ার পথেই শেষ, বরানগরের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু ২ শিশু সহ বাবার

Published:

Baranagar

প্রীতি পোদ্দার, কলকাতা: সাতসকালে মর্মান্তিক ঘটনা ঘটল বরানগরে (Baranagar), বাবার সঙ্গে স্কুটিতে করে স্কুলে যাওয়ার পথে লরির ধাক্কায় (Road Accident) মৃত্যু হল দুই শিশুর। এদিকে আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিশুর বাবাকে হাসপাতালে ভর্তি করানো হলে তিনিও মারা গিয়েছেন। চাঞ্চল্যকর পরিস্থিতি ব্যস্ততম বিটি রোডের (BT Road)। এছাড়াও রাস্তার ওপর বেআইনিভাবে নির্মাণের পাথর ফেলে রাখায় প্রোমোটারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

ঠিক কী ঘটেছিল?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বরানগরে আজ, শনিবার সকালে এক ব্যক্তি তাঁর দুই সন্তানকে নিয়ে প্রতিদিনের মতোই স্কুলে যাচ্ছিলেন স্কুটিতে করে। সেই সময় পিছন থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে স্কুটিতে। আর সেই ধাক্কায় স্কুটি থেকে ছিটকে পড়েন তিনজনই। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিকভাবে মৃত্যু হয় ৫ ও ৭ বছরের দুই সন্তানেরই। অন্যদিকে, শিশুদের বাবা রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হলেও চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তাঁর। এদিকে দুই শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাগর দত্ত হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রোমোটারের দিকে আঙুল তুলছেন স্থানীয়রা

বরানগর থানার মল্লিক কলোনির নিকটবর্তী বিটি রোডে ঘটে যাওয়া এই ভয়ংকর ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। শুধু তাই নয়, রাস্তার ওপর বেআইনিভাবে পাথর ফেলে রাখায় প্রোমোটারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, রাস্তার ধারে বালি-স্টোনচিপ এসব ডাঁই করে ফেলে রেখেছে প্রোমোটাররা। যার জন্যই এহেন মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুই ছেলের নাম আরাধ্য সাউ ও আরভ সাউ। তারা দু’জনেই বরানগরের ডানলপ খালসা স্কুলের প্রাথমিক বিভাগের পড়ুয়া ছিল। তাঁদের বাবার নাম অভিষেক সাউ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুই শিশুর মাথায় কোনও হেলমেট ছিল না শুধুমাত্র রেইনকোট পরে ছিলেন।

আরও পড়ুন: ‘ব্যক্তিগত তথ্য অপব্যবহার হবে না..” জনগণনায় সেলফ এনুমারেশন নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যেই পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে লরিটিকে শনাক্ত করার কাজ করছে বরানগর থানার পুলিশ। এই করুণ পরিণতির পর রাস্তায় তীব্র যানজট তৈরি হয়েছিল, যদিও এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা হয়েছে। উল্লেখ্য, রাস্তার ধারে ও ফুটপাথ দখল করে বালি, পাথর ও নির্মাণ সামগ্রী ‘ডাম্প’ করে রাখার ছবি বেশ কয়েক জায়গায় দেখা যায়। এছাড়াও রাস্তার দুই পাশে গজিয়ে উঠেছে বেআইনি অটো ও টোটোর স্ট্যান্ড। যার ফলে দিনের পর দিন বিটি রোডের মতো গুরুত্বপূর্ণ রাস্তায় সাধারণ মানুষ চলাচল করতে পারে না। এখন দেখার প্রশাসনের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়।

আরও Accident Baranagar