ঘুষ নিয়ে টেন্ডার পাস, ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনার কর্নেলকে গ্রেফতার করল CBI

Published:

CBI Arrests colonel Himangshu bali

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ঘুষ নিয়ে টেন্ডার পাস করানোর মতো গুরুতর অভিযোগ ছিল কলকাতার ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেল হিমাংশু বালির বিরুদ্ধে। সেই মর্মেই এবার তাঁকে গ্রেফতার করল CBI (CBI Arrests Colonel)। সূত্রের খবর, এই কর্নেলের বিরুদ্ধে 50 লাখ টাকার ঘুষ কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগ আছে। জানা যায়, বিভিন্ন টেন্ডার বা বিল পাস করিয়ে দেওয়ার নাম করে প্রচুর ঘুষ নিয়েছেন সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের AOC তে কর্মরত থাকা হিমাংশু। একই সাথে এই ব্যক্তির বিরুদ্ধে একেবারে নিম্নমানের জিনিস সরবরাহের অভিযোগ আছে। এসব নিয়েই, এবার অভিযুক্ত হিমাংশু বালিকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

বালি ছাড়াও দুর্নীতিতে যুক্ত আরও দুই

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ফোর্ট উইলিয়ামে কর্মরত সেনাবাহিনীর কর্নেলের পাশাপাশি কানপুরের সংস্থার দুই কর্ণধার মায়াঙ্ক আগরওয়াল এবং তাঁর ছেলে অক্ষত আগরওয়ালের বিরুদ্ধেও ঘুষ কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। জানা যায়, এ বছরের মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে কানপুরের ওই সংস্থার সাথে যোগাযোগ করেন হিমাংশু বালি। শুধু তাই নয়, কলকাতাতেই সংস্থার কর্ণধারের ছেলে অক্ষতর সাথেও দেখা করেন তিনি।

অভিযোগ, এপ্রিলের শেষের দিকে সংস্থাটি টেন্ডার পেয়েছিল ঠিকই, তবে ওই টেন্ডার পাওয়ানোর জন্য 50 লাখ টাকা ঘুষ নিয়েছিলেন হিমাংশু বালি। এমন ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি অ্যাকশন নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বা CBI। জানা যাচ্ছে, অভিযুক্ত কর্নেলের বিরুদ্ধে FIR দায়ের করার পাশাপাশি ওই সংস্থার দুই কর্ণধারের বিরুদ্ধেও দায়ের হয়েছে লিখিত অভিযোগ।

 

অবশ্যই পড়ুন: নাম বাদ পড়বে অনেকের! রাজ্যের নজরে ৫৫ লক্ষ যুবসাথীর আবেদনকারী

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি আশঙ্কা করছে, সেনাবাহিনীর কর্নেল হিমাংশুর সাথে সাথে ভারতীয় সেনার একাধিক আধিকারিক ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকতে পারেন। মূলত সে কারণেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে চাইছে CBI। এরই মাঝে গুরুতর অভিযোগের ভিত্তিতে কর্নেল হিমাংশুকে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থার আধিকারিক। তবে অভিযোগের তালিকায় থাকা সংস্থার দুই কর্ণধারকে গ্রেফতার করা হবে কিনা তা নিয়ে আপাতত কিছুই জানা যায়নি।