সৌভিক মুখার্জী, কলকাতা: আজ বিকালে ফেসবুক লাইভে এসে অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি তিনি বলেছেন, রাজ্যের ৭৫% মহিলার ভাতা বন্ধ হয়ে গিয়েছে। বিজেপি সরকার সবটাই প্রতারণা করেছে রাজ্যের মহিলাদের সঙ্গে। তবে সোমবার সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) মমতার করা সমস্ত অভিযোগ উড়িয়ে দিলেন।
মমতাকে এক হাত নিলেন মুখ্যমন্ত্রী অধিকারী
আজ বিকালে ফেসবুক লাইভে এসে মমতা বলেন, “অন্নপূর্ণা যোজনার জন্য রাস্তায় ক্রন্দনরত অবস্থায় ঘুরতে হচ্ছে মহিলাদের। আমরা ২ কোটি ৪২ লক্ষ মা-বোনদের লক্ষ্মীর ভাণ্ডার দিতাম। ভোটের আগে মার্চ মাসেও টাকা দিয়েছি। তবে ভোটের পর ৭৫% মহিলার ভাতা বন্ধ হয়ে গিয়েছে। সংখ্যাটা আমার জানা নেই। কিন্তু প্রতিশ্রুতি দেওয়ার সময় কোনও শর্ত আরোপ করা ছিল না। আবেদন করতে গেলেই বলা হচ্ছে যোগ্যতা পূরণ করেননি। আসলে এটা বিজেপি সরকারের সম্পূর্ণ প্রতারণা।”
মমতার বক্তব্য সামনে আসতেই এদিন সাংবাদিক বৈঠকে জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “ইতিমধ্যেই রাজ্যের ১ কোটি ৪৬ লক্ষ মহিলার অ্যাকাউন্টে সরাসরি অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাঠানো হয়েছে। আমাদের সরকার ধর্মের বিভাজন করে না। এই প্রকল্পের আওতায় প্রায় ১৯ লক্ষ মুসলিম পরিবারের অ্যাকাউন্টে ইতিমধ্যে টাকা পৌঁছেছে। যারা শুধুমাত্র রাজনীতি, হিন্দুত্ব বা মতুয়া সম্প্রদায়ের হওয়ার কারণে মানুষকে প্রতারিত করেছিল, তাদের মুখে এসব মানায় না।”
আরও পড়ুন: সরকারের সমালোচনা করলেই অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ! হুঁশিয়ারি বিজেপি নেতার
এমনকি মুখ্যমন্ত্রী আরও জানান, “সমস্ত সরকারি নিয়ম মেনে স্ক্রুটিনি করা হচ্ছে। যোগ্য একজন মহিলাও অন্নপূর্ণা যোজনা থেকে বাদ যাবে না। বিভিন্ন এলাকা থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ মহিলা আবেদন সংক্রান্ত অভিযোগ এনেছিলেন। প্রত্যেকটি অভিযোগ সতর্কতার সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।” এছাড়া এদিন সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের আবেদন দ্রুত নিষ্পত্তির ব্যাপারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সার্টিফিকেট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অপেক্ষায় থাকা ২ লক্ষ ৭ হাজার আবেদনের পাশাপাশি নতুন করে যাঁরা আবেদন করবেন, তাঁদের প্রত্যেককেই ভারতীয় নাগরিকত্বের অফিসিয়াল সার্টিফিকেট তুলে দেওয়া হবে।










