সরকারের সমালোচনা করলেই অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ! হুঁশিয়ারি বিজেপি নেতার

Published:

Annapurna Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: চায়ের দোকান, মিষ্টির দোকানে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকা নিয়ে সরকারের বদনাম করলে কেটে দেওয়া হবে নাম। এমনই হুঁশিয়ারি দিলেন বিজেপির নেতা। বর্তমানে অন্নপূর্ণা যোজনা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। নাম বাদ গিয়েছে এই অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। তবে সেই আবহেই আবাস যোজনা এবং অন্নপূর্ণা যোজনা থেকে নাম বাদ দেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার বিজেপি নেতা।

সরকারের বদনাম করলে বাদ যাবে অন্নপূর্ণা যোজনা থেকে নাম

মালদা সীমান্তের হবিবপুরের কলাইবাড়ি এলাকায় অন্নপূর্ণা এবং আবাস যোজনা নিয়ে বক্তৃতা দেন এলাকার বিজেপির জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। সেখানে বাসিন্দাদের উদ্দেশ্যে তিনি হুঁশিয়ারি দেন, “বিজেপি সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা নেবেন, অথচ তারপরেও এই সরকারের বদনাম করবেন, এমনটা হবে না। যাঁরা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়েছেন, তার পরেও সরকারের নামে বদনাম করছেন, যাঁরা আবাস যোজনার টাকা পেয়েও সরকারের নামে বদনাম করছেন, তাঁরা সাবধান হয়ে যান। নাম ওঠানোর ক্ষমতা যদি রাখতে পারি, নামটা কেটে দেওয়ারও ক্ষমতা আমরা রাখতে পারি।”

এমনকি তিনি হুমকি দেন, “বিজেপির সুনাম না করলেও চলবে। তবে সরকারি সুযোগ-সুবিধা নিলে সরকারের সমালোচনা করা চলবে না। সরকারের খাব, সরকারের সুযোগ-সুবিধা নেব, আর সরকারের নামে চায়ের দোকান, মিষ্টির দোকানে গিয়ে বদনাম করব, এসব যদি আমার কানে আসে, তাহলে কীভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পান, আর কী করে অন্নপূর্ণা যোজনার টাকা পরের মাস থেকে অ্যাকাউন্টে ঢোকে, তার ব্যবস্থা করব।”

আরও পড়ুন: “অন্নপূর্ণা যোজনা না পেলে, আমরা ব্যবস্থা করব”, ফেসবুক লাইভে বড় বার্তা মমতার

বিজেপির ওই নেতা আরও বলেছেন, “সরকারের খেলে সরকারের গুণ গাইতেই হবে। সরকারের সুনাম করলেও মিলবে সরকারি সুযোগ-সুবিধা। সে যেই হন না কেন, দলীয় কর্মীরাও বদনাম করলে প্রকল্পের সুযোগ থেকে বঞ্চিত হবেন। আপনার আবেদন এখানে জমা পড়বে। আমরা জেলা স্তরে গিয়ে নাম কেটে দেব।” তবে বিজেপি নেতার এই বক্তব্য সামনে আসতেই সুর চড়িয়েছেন বিরোধী দলগুলি। স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, “জেলা পরিষদের সদস্য হুমকি দিচ্ছেন যে সরকারি সুযোগ-সুবিধা পেতে হলে সরকারের গুণগান গাইতে হবে। এটা কেমন কথা? আপনি তো সাধারণ মানুষের মুখ বন্ধ করতে চাইছেন।”