প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে বিজেপি (Government Of West Bengal) সরকার আসতে না আসতেই একের পর এক জনদরদী প্রকল্প (Government Schemes) চালু করে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে এই প্রকল্পের সঠিক সুবিধা পাচ্ছে না সাধারণ জনগণ। আর তাই এবার সেই নিয়ে সংশ্লিষ্ট দপ্তরকে কড়া বার্তা দিলেন মুখ্যসচিব মনোজ আগরওয়াল (Manoj Agarwal)। স্পষ্ট জানিয়ে দিলেন, জনমুখী প্রকল্পের সুবিধা থেকে মানুষ বঞ্চিত হলে সংশ্লিষ্ট দপ্তরকে তার জবাবদিহি করতে হবে।
গুরুত্বপূর্ণ প্রকল্প নিয়ে বিশেষ বার্তা মুখ্যসচিবের
মুখ্যসচিব মনোজ আগরওয়াল একটি জরুরি নির্দেশিকা জারি করেছেন সকল অফিসারদের উদ্দেশে। সেখানে তিনি কড়া বার্তা দিয়ে জানিয়েছেন যে, অন্নপূর্ণা যোজনা, আবাসের মতো প্রকল্পে অর্থ বরাদ্দ করা হলেও সময়ে উপভোক্তা তা পাচ্ছে না। এটা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তাই দপ্তরের সচিবকে বিষয়টিতে কড়া নজর রাখতে হবে এবং কতজন উপভোক্তা প্রকল্পের সুবিধা পেয়েছেন, যাঁরা পাননি তাঁরা কেন পাচ্ছেন না, সবটাই বিস্তারিত তথ্য দিয়ে সপ্তাহান্তে রিপোর্ট জমা দিতে হবে। আর এই কাজে কারোর যদি কোনো কারসাজি থাকে তাহলে তা মুখ্যসচিবকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকল্পের সুবিধা পাচ্ছেন না উপভোক্তারা
জানা গিয়েছে, রাজ্যের একাধিক প্রকল্পের সুবিধা বণ্টন নিয়ে নানা প্রশ্ন উঠছে। অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে টাকা পাওয়ায় বেশ কিছু কারণে সমস্যা দেখা দিয়েছে। টাকা বরাদ্দ করা হলেও বিভিন্নক্ষেত্রে নানা সমস্যা দেখা দেওয়ায় উপভোক্তারা শেষ পর্যন্ত বঞ্চিত থেকেছেন। শুধু তাই নয়, ‘১২৫ দিনের কাজ’ বা ভিবি জি রামজি প্রকল্প নিয়েও ঘটছে একাধিক সমস্যা। যদিও এক্ষেত্রে পঞ্চায়েত স্তরে রাজনৈতিক টালবাহানা থাকায় শেষপর্যন্ত ক্ষমতা প্রশাসনিক স্তরে স্থানান্তরিত করা হলেও কাজে গতি আসেনি। সেই নিয়ে উপভোক্তাদের মধ্যে উঠছে একাধিক অভিযোগ। তাই সেই সমস্ত অভিযোগের তদন্ত করে মূল সমস্যার একটি রিপোর্ট মুখ্যসচিবকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: তারাপীঠ অগ্নিকাণ্ডে মৃত্যু ৮ পুণ্যার্থীর, শোক প্রকাশ করে ফেসবুক বার্তা মমতার
নবান্ন সূত্রে খবর, রাজ্যের ছ’টি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে নিয়মিত নজরদারির নির্দেশ দিয়েছে রাজ্যের বিজেপি সরকার। অগ্রাধিকারের তালিকায় রয়েছে অন্নপূর্ণা প্রকল্প, প্রধানমন্ত্রী আবাস যোজনা, ভিবি জি রামজি প্রকল্প, আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সূর্যঘর। স্পষ্ট নির্দেশ, সংশ্লিষ্ট দপ্তরের সচিবদের নিজেদের দপ্তরের প্রকল্পগুলির কাজ ব্যক্তিগত ভাবে নজরে রাখতে হবে। এবং প্রকল্পের সুবিধা যাতে সময়মতো এবং সঠিক ভাবে মানুষের কাছে পৌঁছয়, তা নিশ্চিত করতে হবে। তাই এই নির্দেশকে ‘অত্যন্ত জরুরি’ হিসেবে প্রকাশ করা হয়েছে।










