আটকে রেখেছিল প্রাক্তন সরকার, সময়ের ১০ ঘণ্টা আগেই শেষ চিংড়িঘাটা মেট্রোর বড় কাজ

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: মমতা সরকারের অসহযোগিতার কারণে এগোচ্ছিল না চিংড়িঘাটা মেট্রোর (Chingrighata Metro) কাজ! এ নিয়ে বারবার অভিযোগ তুলতে দেখা গিয়েছিল বিরোধীদের। বিশেষ করে বিজেপির তরফে বলা হয়েছিল, তৃণমূল সরকারের টালবাহানার কারণেই চিংড়িঘাটা মোড়ে ট্রাফিক ব্লক করা যাচ্ছে না। ফলে এগোচ্ছে না মেট্রো সম্প্রসারণের কাজ। তবে বাংলায় পালাবদল হতেই তড়িঘড়ি চিংড়িঘাটা মেট্রোর কাজে অনুমোদন দেয় রাজ্য। আর তারপরেই ট্রাফিক ব্লক করে ধাপে ধাপে চলছিল কাজ। এবার প্রথম দফার সেই কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হল।

10 ঘন্টা আগেই শেষ হল কাজ!

নতুন সরকারের অনুমোদনের পরই চিংড়িঘাটার ট্রাফিক ব্লক করে তৎপরতার সাথে শুরু হয়েছিল চিংড়িঘাটা মেট্রো অংশের প্রথম দফার কাজ। সেই কাজে সময় লাগার কথা ছিল 60 ঘন্টা। তবে নির্ধারিত সেই সময়ের থেকে 10 ঘন্টা আগেই শেষ হয়ে গিয়েছে চিংড়িঘাটার আংশিক কর্মকাণ্ড। মেট্রো রেল সূত্রে খবর, 317 থেকে 318 নম্বর পিলারে গার্ডার বসানোর জন্য বন্ধ করা হয়েছিল ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের উত্তরমুখী রাস্তাও।

জানা গিয়েছে, মেট্রোর নির্দিষ্ট অংশের কাজ শেষ করতে রেল কর্মীদের সময় লেগেছে 50 ঘন্টার কাছাকাছি। অর্থাৎ নির্ধারিত সময় থেকে 10 ঘন্টা আগেই চিংড়িঘাটার মেট্রোর প্রথম পর্যায়ের কাজ শেষ করা গিয়েছে। এবার দ্বিতীয় দফার কাজে হাত দেবেন কর্মীরা। তার আগে কয়েকদিনের সামরিক বিশ্রাম পাবেন তাঁরা।

অবশ্যই পড়ুন: দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে আনল রেল, কবে শুরু পরিষেবা?

প্রসঙ্গত, প্রথম পর্যায়ের কাজে সফল হওয়ার পর চিংড়িঘাটা মেট্রোর দ্বিতীয় পর্যায় অর্থাৎ 318 থেকে 319 নম্বর পিলারে গার্ডার বসানোর কাজ শুরু হবে আগামী 22 মে। আসন্ন 25 মে তারিখ পর্যন্ত চলবে এই কাজ। আর এই দ্বিতীয় দফার কাজের সময় সায়েন্সসিটি গড়িয়া অর্থাৎ দক্ষিণমুখী রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ করবে পুলিশ।