দেশের প্রথম বুলেট ট্রেনের ফার্স্ট লুক প্রকাশ্যে আনল রেল, কবে শুরু পরিষেবা?

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের প্রথম বুলেট ট্রেনটিকে (India’s First Bullet Train) ছুটতে দেখার জন্য একেবারে হাপিত্যেশ করে অপেক্ষা করছেন দেশবাসী। রেলের তরফেও যথাসাধ্য চেষ্টা চলছে দ্রুততার সাথে এই অত্যাধুনিক ট্রেনটিকে ভারতীয় রেল ট্রাকে তোলার। এমতাবস্থায়, প্রকাশ্যে এল দেশের প্রথম বুলেট ট্রেনের প্রথম ঝলক। বুলেট ট্রেনের প্রথম ছবি প্রকাশ করেছে রেলমন্ত্রক। রেল মন্ত্রণালয়ের গেট নম্বর 4 এ এই হাই স্পিড ট্রেন সেটের একটি ছবি বসানো হয়েছে। আর সেখানেই ভারতের প্রথম বুলেট ট্রেনের ডিজাইন থেকে রঙ সবটাই দেখতে পারছেন ভারতীয়রা।

কবে চালু হবে দেশের প্রথম বুলেট ট্রেন পরিষেবা?

2017 সালের সেপ্টেম্বর মাস নাগাদ মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত 508 কিলোমিটার দীর্ঘ পথে বুলেট ট্রেন চালানোর প্রথম উদ্যোগ নেওয়া হয়। রেলের তরফে প্রতিশ্রুতি মিলেছিল, এই বুলেট ট্রেন প্রকল্পের কাজ 2023 সালের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু বেশ কিছু কারণে এই প্রকল্পের কাজ বিলম্বিত হয়। ফলে বাধ্য হয়ে ডেডলাইন পেছাতে হয় রেলকে। শুধু তাই নয়, এই বিলম্বের কারণে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্পের খরচ 1.6 লক্ষ কোটি টাকা পার করে যাবে বলেই আশা করা হয়েছে।

এই প্রকল্পে দেরি হওয়ার কারণ প্রসঙ্গে রেলের যুক্তি, জমি অধিগ্রহণের সমস্যা এবং মাঝে দু’বছর কোভিডের কারণে এই রেল প্রকল্পের কাজ বন্ধ ছিল। তবে বর্তমানে দ্রুততার সাথে চলছে এই প্রকল্পের কাজ। আশা করা যাচ্ছে, সব ঠিক থাকলে 2027 সালের 15 আগস্ট ভারতীয় রেলের ট্র্যাকে ছুটবে ভারতের প্রথম বুলেট ট্রেন। চলতি বছরের শুরুতেই সেই সুখবর জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

অবশ্যই পড়ুন: পড়ুয়াদের পাশে থাকার বার্তা, রাজ্যে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করলেন মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, রেল সূত্রে জানা গিয়েছে মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পে বর্তমানে টানেল নির্মাণের কাজ চলছে। টানেল কাটার কাজ করছে বিরাট টিবিএম মেশিন। জানা যায়, যে দুটি টিবিএম মেশিন সুরঙ্গ কাটছে সেগুলির প্রত্যেকটির ওজন 3,000 টন করে। এই মেশিনগুলি মুম্বই থেকে আহমেদাবাদের রুটে দীর্ঘ পথ কেটে টানেল বা সুরঙ্গ বানাচ্ছে।