পড়ুয়াদের পাশে থাকার বার্তা, রাজ্যে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ চালু করলেন মুখ্যমন্ত্রী

Published:

Vivekananda merit scholarship-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিশ্রুতি মতোই কাজ করছে ভারতীয় জনতা পার্টির সরকার। এবার রাজ্যের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ (Vivekananda Merit Scholarship) চালু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার, মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের কৃতিদের সংবর্ধনা অনুষ্ঠান থেকেই এই বিশেষ স্কলারশিপের কথা ঘোষণা করে তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ধর্ম দেখে নয় বরং মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতেই এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীর এমন পদক্ষেপে উচ্ছ্বসিত শিক্ষার্থীদের একটা বড় অংশ।

বিবেকানন্দ মেরিট স্কলারশিপে কত টাকা দেওয়া হবে?

আজ অর্থাৎ সোমবার ধনধান্য অডিটোরিয়ামে রাজ্যের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল রাজ্য সরকার। সেখানেই উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ অন্যান্য মন্ত্রী এবং উচ্চ পদস্থ আমলারা। সেই মঞ্চেই কৃতিদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি প্রত্যেকের ভবিষ্যতের জন্য শুভকামনা জানান মুখ্যমন্ত্রী। একই সাথে তিনি ছাত্র-ছাত্রীদের বোঝান, শিক্ষার কোনও বিকল্প হয় না।

এদিন পড়ুয়াদের পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, “চিন্তার কোনও কারণ নেই, সরকার সব সময় আপনাদের প্রত্যেকের পাশে আছে।” এরপরই পড়ুয়াদের সুখবর শোনাতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজ থেকেই রাজ্যে চালু করা হচ্ছে বিবেকানন্দ মেরিট স্কলারশিপ। ধর্ম দেখে নয় বরং মেধা ও আর্থিক অবস্থার ভিত্তিতে এই প্রকল্পের সুবিধা পাবেন পড়ুয়ারা।” তবে এই প্রকল্প থেকে কত টাকা পাওয়া যাবে না কীভাবে এই প্রকল্পে আবেদন করতে হবে তা নিয়ে আলাদা করে কিছু জানানো হয়নি।

অবশ্যই পড়ুন: হাইকোর্টের নির্দেশ, OBC সংরক্ষণ নিয়ে বড় পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার

তবে মুখ্যমন্ত্রী বলেছেন, এই বিশেষ স্কলারশিপের জন্য পড়ুয়াদের শিক্ষা দপ্তরে যোগাযোগ করতে হবে। কিন্তু এই প্রকল্প থেকে ঠিক কত টাকা পাওয়া যাবে তা আপাতত জানা যায়নি। তবে আশা করা হচ্ছে খুব শীঘ্রই এ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনবে রাজ্য সরকার। বলে রাখা প্রয়োজন, এই প্রকল্পটি অনেক আগেই চালু করা হয়েছিল। তবে পরবর্তীতে তা বন্ধ করে দেওয়া হয়। এবার সেই প্রকল্পকেই নতুন করে চালু করছে বিজেপি সরকার। আসলে ধর্মের ভিত্তিতে রাজ্যে প্রকল্পের যে চল তা পুরোপুরি উঠিয়ে দিতে চাইছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার।