বিক্রম ব্যানার্জী, কলকাতা: পালাবদল হতেই রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বর্তমানে সমস্ত আইনি নিয়ম মেনে হচ্ছে পদক্ষেপ। এমতাবস্থায়, এবার ওবিসি তালিকা নিয়ে বড় সিদ্ধান্তের পথে হাঁটতে পারে রাজ্য সরকার (Government Of West Bengal)। জানা যাচ্ছে আজ অর্থাৎ সোমবার, মন্ত্রিসভায় বৈঠক চলাকালীন এ সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক বৈঠক করে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিয়েছেন, খুব শীঘ্রই ওবিসি তালিকা পুনর্বিবেচনা করে দেখবে সরকার।
সাংবাদিক বৈঠক করে যা জানালেন মন্ত্রী
সোমবার নবান্নে রাজ্য সরকারের দ্বিতীয় ক্যাবিনেট বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে একগুচ্ছ বক্তব্য রাখেন মন্ত্রী অগ্নিমিত্রা। এদিন একেবারে তালিকা দেখে দেখে রাজ্য সরকারের একের পর এক পদক্ষেপের কথা সাংবাদিকদের জানান তিনি। ঠিক তখনই মন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গ সরকারের অধীনে চাকরি এবং পদগুলিতে অন্যান্য অনগ্রসর শ্রেণী বা OBC ভুক্তদের সংরক্ষণের নিয়ম রয়েছে। এবার সেটাই পুনর্বিবেচনা করা হবে। রাজ্য সরকার উপ শ্রেণিবিন্যাস বাতিল করে ওবিসি তালিকা সংশোধন করবে।”
এদিন কলকাতা হাইকোর্টের 2024 সালের 22 মে এর নির্দেশ স্মরণ করিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী তালিকা সংশোধন করবে রাজ্য সরকার। এদিন মন্ত্রী এও বললেন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো যে সমস্ত গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করার কথা রাজ্য সরকার সেই সব বিষয়ে একে একে সিদ্ধান্ত নেবে।
অবশ্যই পড়ুন: ৩২,০০০ শিক্ষকের চাকরি বাতিল মামলায় নোটিস জারি সুপ্রিম কোর্টের, এবার কী হবে?
উল্লেখ্য, বাম দুর্গের পতন এবং তৃণমূল জামানা অর্থাৎ 2011 সালের শুরুর দিক পর্যন্ত অন্তত 77টি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন রাজ্য সরকার। যদিও 2024 সালে সেই সিদ্ধান্ত একেবারে খারিজ করে দেয় কলকাতায় হাইকোর্ট। হাইকোর্টের যুক্তি ছিল, ধর্মের ভিত্তিতে এই সমস্ত সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার পরিকল্পনা হচ্ছে। এমন নির্দেশ জারি করেই 2010 সাল থেকে বিলি হওয়া প্রায় 5 লাখ ওবিসি শংসাপত্র বাতিল করে দেয় আদালত। যদিও পরবর্তীতে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।










