প্রীতি পোদ্দার, কলকাতা: আলোচনার শীর্ষে ফের উঠে এল সিভিক ভলান্টিয়ার (Civic Volunteers)। জানা গিয়েছে তাঁদের নিয়োগপত্র নিয়ে নাকি এবার আরও কড়াকড়ি হতে চলেছে প্রশাসন। মূলত সিভিকদের নিয়োগ আইন মেনে হয়েছিল কিনা তা জানতে তাঁদের কাছ থেকে চাওয়া হবে কল লেটার, নিয়োগপত্রসহ বিভিন্ন নথি (Civic Volunteers Recruitment Verification)। আসলে দীর্ঘদিন ধরে সিভিক ভলান্টিয়ার নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে, তাই এবার সেই নিয়ে বড় পদক্ষেপ। কারা নিয়ম মেনে কাজে ঢুকেছেন, তা চিহ্নিত করতে তৎপর হয়ে উঠল প্রশাসন।
তৃণমূলের আমলে সিভিক ভলান্টিয়ার নিয়োগ
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল থেকে রাজ্যে সিভিক ভলান্টিয়ার নিয়োগ শুরু হয়েছিল। জানা গিয়েছে, ২০১১-তে সিভিক নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল পূর্বতন সরকার। ইন্টারভিউয়ের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের দেওয়া হয়েছিল নিয়োগপত্র। ২০১৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার একলপ্তে ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলান্টিয়ার নিয়োগের ছাড়পত্র দিয়েছিল। তখন থেকেই নিয়োগ নিয়ে একাধিক গোলযোগ দেখা যায়। অভিযোগ, বিভিন্ন জেলার বিধায়ক, সাংসদ ও তৃণমূলের নেতা মন্ত্রীরা পছন্দ মতো সিভিক নিয়োগের জন্য তালিকা তৈরি করে পাঠাতেন পুলিশ সুপার বা শীর্ষ কর্তাদের কাছে।
বেআইনি নিয়োগ নিয়ে তরজা
জানা গিয়েছে, তৃণমূলের নেতা মন্ত্রীরা নিয়োগের জন্য যে বিজ্ঞাপন দিতেন সেটার ক্ষেত্রে কোনো ইন্টারভিউ নেওয়া হত না আবেদনকারীদের। অর্থাৎ কোনো ইন্টারভিউ না দিয়েই তাঁরা সিভিক হিসেবে কাজে ঢোকেন। এমনকি চুক্তিভিত্তিক কর্মী হলেও তাঁদের কোনো ধরনের নিয়োগপত্রই দেওয়া হয়নি। পরবর্তীকালে এই সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে কলকাতা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়। বিরোধীদের অভিযোগ ছিল, এলাকায় রাজনৈতিক প্রভাব বজায় রাখতে তৃণমূল নেতারা এদের কাজে লাগাতেন। এবার সেই নিয়ে নড়েচড়ে বসল বিজেপি সরকার। সিভিকদের সমস্ত তথ্য খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হল।
আরও পড়ুন: প্রাইমারি নিয়োগে PwBD বিভাগ সংশোধনের সুযোগ দিচ্ছে পর্ষদ, লাস্ট ডেট কবে?
তৃণমূলের বিধায়ক, সাংসদদের সুপারিশে কারা কারা সিভিকে ঢুকেছেন সেটা চিহ্নিত করতে নয়া উপায় বের করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, বিভিন্ন জেলা ও কলকাতা পুলিশের বিভিন্ন ইউনিটে যে-সমস্ত সিভিক ভলান্টিয়ার কর্মরত রয়েছেন তাঁদের কাছে নিয়োগের নথি চাওয়া হবে। এবং যাচাই করা হবে যে সেই নথি সুপারিশের ভিত্তিতে হয়েছে নাকি সমস্ত কিছু নিয়ম মেনে হয়েছে। আর যদি সিভিকরা নথি জমা দিতে না পারেন তাহলে তাঁদের কর্ম ভবিষ্যৎ নিয়ে বড়োসড়ো সিদ্ধান্ত নিতে পারে বলে মনে করছে প্রশাসনিক মহল।










