পোর্টাল সমস্যায় থমকে একাদশের রেজিস্ট্রেশন, সময়সীমা না বাড়িয়ে নয়া বিজ্ঞপ্তি সংসদের

Published:

Class XI Registration

অনন্যা সরকার, কলকাতা: বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থায় একাদশ শ্রেণির রেজিস্ট্রশন (Class XI Registration) প্রক্রিয়ার জটিলতার জন্য ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। বাংলার শিক্ষা (Banglar Shiksha) পোর্টালে দেখা দিয়েছে গোলমাল। ধীরগতির কারণে অনেকে রেজিস্ট্রেশন করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে। একাদশ শ্রেণির রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৩০ জুন পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তবে, এই সময়ের মধ্যে একাধিক স্কুলের তরফে পোর্টালে যান্ত্রিক গোলযোগের অভিযোগ করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) তরফে প্রকাশ করা হয়েছে একটি বিজ্ঞপ্তি। তবে বাড়ানো হয়নি আবেদনের সময়সীমা। তাহলে কী সমাধান দেওয়া হয়েছে এতে, আসুন দেখে নেওয়া যাক। 

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জারি করা হল বিজ্ঞপ্তি

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলার শিক্ষা পোর্টালের সম্পূর্ণভাবে চালু করতে এখনও ১৫ দিন সময় লাগবে, তাই ৩০ জুনের সময়সীমা বাড়ানো হচ্ছে না। তার বদলে আগামী আগস্ট মাসে পোর্টালটি খোলা হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে। আগামী ৪ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত পুনরায় খোলা হবে পোর্টাল। কোনো রকম জরিমানা ছাড়াই এই পোর্টালের মাধ্যমে একাদশ শ্রেণির পড়ুয়াদের রেজিস্ট্রেশন করতে পারবে স্কুলগুলি। তারপর ১৪ থেকে ১৮ আগস্ট পর্যন্ত জরিমানা সহ রেজিস্ট্রেশনের জন্য সময় দেওয়া হয়েছে। 

XI Registration

এক স্কুল শিক্ষক এই প্রসঙ্গে জানিয়েছেন, প্রায় প্রতিটি স্কুলেই কোনো না কোনো শিক্ষার্থীর তথ্য সংশোধনের প্রয়োজন রয়েছে। রেজিস্ট্রেশনের জন্য সাধারণত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে আবেদন করতে হয়, তারপর ছাত্রছাত্রীদের ব্যক্তিগত তথ্যের স্থানে ক্লিক করলে বাংলার শিক্ষা পোর্টাল স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়। 

আরও পড়ুনঃ কোচিং ছাড়াই ১২০ দিনে প্রস্তুতি, UPSC-তে AIR 14 র‍্যাঙ্ক করে IAS বাংলার তরুণী

সংশোধন করতে হলে প্রথমে এই পোর্টালেই করতে হয়। কিন্তু যেহেতু বাংলার শিক্ষা পোর্টালে সমস্যা দেখা দিয়েছে, তাই তথ্য সংশোধন করা সম্ভব হচ্ছে না। তবে, আগস্ট মাসে পুনরায় পোর্টাল খুললে এনিয়ে আর সমস্যায় পড়তে হবে না বলে আশা রাখছে স্কুলগুলি।