১২ বছর ছিলেন নিরুদ্দেশ, সোনা জিতে বাড়ি ফিরলেন মূক-বধির মেয়ে মায়া

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 12 বছর আগে হারিয়ে গিয়েছিল আদরের মেয়ে মায়া (Cooch Behar)। ফিরে যে আর কখনও আসবে সেই আশা একপ্রকার ছেড়েই দিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু কথায় আছে, আশা ভঙ্গ হলেই ঘটে মিরাকেল! কোচবিহারের মায়া বর্মনের পরিবারের সাথেও তেমনটাই হয়েছে। মেয়ের ঘরে ফেরার যখন কোনও সুযোগ নেই বলে ভেবে নিয়েছিলেন তাঁরা, ঠিক তখনই মায়ার পরিবারের সদস্যদের মুখে খেলে গেল একগাল হাসি। আর কী! বার্লিন থেকে এক যুগ পর ফিরেছেন মেয়ে। তবে খালি হাতে নয়, মায়া বাড়ি ফিরেছেন সোনার পদক জিতে।

মূক ও বধির মেয়ের সাফল্যের গল্প অবাক করবে

কোচবিহারের বক্সিরহাট থানার অন্তর্গত বালাকুঠি গ্রামের বাসিন্দা মায়া বর্মন। একেবারে জন্ম থেকেই না কানে শুনতে পান না পারেন কথা বলতে। ক্ষেতমজুরের পরিবারে বেড়ে ওঠা সেই মেয়ের। বড় হয়ে উঠতে উঠতে হঠাৎ উধাও হয়ে গেলেন মায়া। সে সময় 2014 সাল। পেটের টানে বাড়ি ছেড়ে বেরিয়ে অজানা একটি ট্রেনে উঠে পৌঁছে গিয়েছিলেন উত্তর দিনাজপুর। অজানা অচেনা জায়গায় পৌঁছে একেবারে কিছু বুঝে উঠতে পারছিলেন না মায়া। স্টেশনে স্টেশনে ঘুরে বেড়াতেন।

খোঁজ নিয়ে জানা গেল, স্টেশন চত্বরে একটি মূক-বধির মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে মায়াকে উদ্ধার করে পুলিশ। বাড়ির ঠিকানা বা পরিবারের সদস্যদের বিবরণ পাওয়া যায়নি তাঁর থেকে। ফলে বাধ্য হয়ে তাঁকে হাওড়ার বাগনানের একটি সরকারি হোমে পাঠানো হয়েছিল। জানা যায়, 12টা বছর সেখানেই কেটেছিল তাঁর। এদিকে মেয়েকে হারিয়ে একেবারে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত আশাই ছেড়ে দিয়েছিল পরিবার।

তবে আশা ছেড়ে দিতেই আনন্দের খবর পেলেন মায়ার বাবা মনোজ বর্মন। সম্প্রতি তাঁর কাছে ফোন আসে বক্সিরহাট থানার ওসি কপিলদেব রায়ের। পুলিশ অফিসার জানান, মেয়েকে খুঁজে পাওয়া গিয়েছে। বছরের পর বছর চেষ্টা করেও যেখানে মেয়েকে পাওয়া যাচ্ছিল না হঠাৎ পুলিশের এক ফোনে মেয়ের খবর পেতেই আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন বাবা। জানা গিয়েছে, মায়ার আধার কার্ড থেকে তাঁর পারিবারিক তথ্য এবং ঠিকানা পেয়েছিল পুলিশ। তারপরই তাঁকে বাড়িতে ফেরানো হল।

অবশ্যই পড়ুন: হরমুজে ১১ জন ভারতীয়র পণ্যবাহী জাহাজে হামলা, নিখোঁজ এক! কড়া বার্তা দিল ভারত

যে কথা না বললেই নয়, শারীরিক দিক থেকে প্রতিবন্ধী হলেও বিভিন্ন সময়ে নানান পদক জিতেছেন মায়া। কখনও ভলিবল কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে, কখনও আবার দেশ বিদেশে ভলিবলের নানান টুর্নামেন্ট খেলে মেডেল জিতেছেন মায়া। 2023 জার্মানির বার্লিন শহরে অনুষ্ঠিত একটি স্পেশাল অলিম্পিক্স ইভেন্টে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে সোনার মেডেল জিতেছিলেন মায়া। সেসব কথাই পরিবারকে জানিয়েছেন হোম কর্তৃপক্ষ। যা শুনে একেবারে হা হয়ে গিয়েছিলেন মূক-বধির মেয়ের বাবা-মা।