লক্ষ্মীর ভাণ্ডারের ভরসায় নিয়েছিলেন লোন, অন্নপূর্ণা না পেয়ে বিপাকে ধনেখালির মহিলা

Published:

Annapurna Yojana

প্রীতি পোদ্দার, কলকাতা: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দিলেও এখনো পর্যন্ত বেশিরভাগ মহিলার অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তিন হাজার টাকা। এদিকে সরকারি পরিষেবা জনগণের কাছে পৌঁছে দিতে সেবা সেতু শিবির চালু হয়েছে জেলায় জেলায়। কিন্তু সেখানে অন্নপূর্ণা যোজনার কাজ না হওয়ায় তুমুল বিক্ষোভ (Annapurna Yojana Protest) শুরু করেছেন মহিলারা। এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার উপর ভরসা করে ঋণ নিয়েছিলেন ধনেখালির (Dhaniakhali) এক মহিলা। কিন্তু অন্নপূর্ণা যোজনার সুবিধা না মেলায় চরম বিপাকে পড়েছেন ওই মহিলা।

অন্নপূর্ণার আশায় লোন তুলেছিলেন মহিলা

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ঘটনাটি ঘটেছে ধনেখালি ব্লকের গুড়াপ গ্রামে। সেখানে এক মহিলা তৃণমূলের আমলে লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সহায়তার উপর ভরসা করে ঋণ নিয়েছিলেন। কিন্তু সরকার পরিবর্তনের ফলে বন্ধ হয়ে যায় লক্ষ্মীর ভাণ্ডার। এদিকে বিজেপি সরকার জানিয়েছিল যে অন্নপূর্ণা যোজনা চালু করা হলে প্রত্যেক মহিলা প্রতি মাসে তিন হাজার টাকা করে অনুদান পাবে। ওই মহিলা আশা করেছিলেন যে, নতুন করে অন্নপূর্ণা যোজনার সুবিধা পেলে সংসারের খরচের পাশাপাশি ঋণের কিস্তিও কিছুটা সামলানো সম্ভব হবে। কিন্তু প্রত্যাশা পূর্ণ করেনি সরকার। অন্নপূর্ণা যোজনায় আবেদন করেও এখনও সেই সুবিধা পাননি তিনি।

মেলেনি প্রকল্পের সুবিধা

ওই মহিলার অভিযোগ, অন্নপূর্ণার টাকা না আসায় ঋণের কিস্তি সামলানোই এখন কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই নিয়ে তিনি পঞ্চায়েত অফিস থেকে শুরু করে বিজেপি কর্মীদের কাছেও সাহায্য চেয়েছিলেন কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। গতকাল, ধনেখালি ব্লকের গুড়াপ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশী হাইস্কুলে সেবা সেতু ক্যাম্প বসেছিল। সেখানেও গিয়েছিলেন তিনি, কিন্তু অন্নপূর্ণা সংক্রান্ত কোনো কাজ না হওয়ায় বিক্ষোভ শুরু করেছিলেন মহিলারা। সকলের দাবি, সরকারি প্রকল্প যদি দেওয়ারই হয় তাহলে সকলকে সমানভাবে দেওয়া হোক, আলাদা আলাদা করে নয়। ভাঙচুরও করা হয়েছিল ক্যাম্প।

আরও পড়ুন: বদলাল না বাংলাদেশ! দুর্গাপুজোর আগেই ভাঙা হল হিন্দু দেব-দেবীর মূর্তি, আতঙ্কে সনাতনীরা

উল্লেখ্য, গতকাল, অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে উপভোক্তাদের মধ্যে নানা অভিযোগ সামনে এসেছে। নির্ধারিত শিবিরে এসেও সমস্যা না মেটার অভিযোগকে ঘিরে রণক্ষেত্রের চেহারা নিয়ে উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায়। চেয়ার টেবিল আছড়ে ভাঙার পাশাপাশি শিবিরে থাকা সরকারি ফেস্টুনও ছিঁড়ে দেওয়া হয়েছে। এমনকি বিজেপি বিধায়কেরা সেতু ক্যাম্প পরিদর্শন করতে এলে তাঁদেরকেও মহিলাদের বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল। এদিকে ধনেখালির এই ঘটনায় বারবার প্রশ্ন উঠছে আদতে বিজেপি সরকারের প্রকল্পের সুবিধা বাস্তবে কতটা দ্রুত উপভোক্তাদের কাছে পৌঁছচ্ছে।

google button