রেল চত্ত্বর নোংরা করাই হল কাল, ১৪৪৭ জনকে জরিমানা পূর্ব রেলের, আদায় মোটা টাকা

Published:

Indian Railways

সহেলি মিত্র, কলকাতাঃ যত সময় এগোচ্ছে ততই সকলের ভরসা ও দুর্দান্ত যোগাযোগের মাধ্যম হয়ে উঠছে ভারতীয় রেল (Indian Railways)। এখন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়া জলভাতের সমান হয়ে গিয়েছে। তাছাড়া যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকে রেল। তবুও, কিছু যাত্রী রয়েছে যারা বিনা টিকিটে রেল যাত্রা করার ঝুঁকি নিয়ে থাকেন। সেইসঙ্গে রেল চত্ত্বর নোংরা করে থাকেন। তবে আর নয়, কারণ এবার কিছু যাত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল পূর্ব রেলের তরফে। রেলের নিয়ম লঙ্ঘনের অভিযোগে ১৪৪৭ জনকে পাকড়াও করা হয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

রেলের হাতে পাকড়াও ১৪৪৭ জন

আসলে গত ১৬ এপ্রিল রেলের তরফে বিশেষ অভিযান চালানো হয়। রেল চত্ত্বর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েই এই অভিযান চালানো হয়। কিন্তু কিছু মানুষ আছেন যারা নিজেও নোংরা থাকেন এবং অন্যের সম্পত্তিও নোংরা করেন। তবে এবারে আর পার পাওয়া যায়নি। রেল চত্বর ও ট্র্যাকে যত্রতত্র আবর্জনা ফেলা রোধে বৃহস্পতিবার চালানো অভিযান মোট ১ হাজার ৪৪৭ জনকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। শিয়ালদা সহ বেশ ডিভিশনে এই বিশেষ অভিযানটি চালানো হয়।

কী বলছে রেল?

সবথেকে বড় কথা, নিয়ম লঙ্ঘনকারীদের কাছ থেকে মোট ২ লক্ষ ৮৯ হাজার ৪০০ টাকা জরিমানা হিসেবে আদায় করে তাক লাগিয়ে দিয়েছে পূর্ব রেল। রেল সূত্রে খবর শিয়ালদহে ৬১৫টি মামলায় ১ লক্ষ ২৩ হাজার টাকা, হাওড়ায় ৪৫৭টি মামলায় ৯১ হাজার ৪০০ টাকা, আসানসোলে ২১৭টি মামলায় ৪৩ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় হয়েছে।

আরও পড়ুনঃ সামনেই দু’দিন ছুটি, বন্ধ থাকবে স্কুল থেকে সরকারি অফিস, দেখুন কবে কবে

রেল কর্তৃপক্ষের মতে, লাইনে প্লাস্টিক বা আবর্জনা ফেলা শুধু পরিবেশ দূষণই নয়, সিগন্যালিং ব্যবস্থায় বড় বিঘ্ন ঘটায়, ট্র্যাকের ক্ষতি করে এবং ট্রেন চলাচল ব্যাহত করে যা যাত্রী নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, জরিমানার উদ্দেশ্য অর্থ সংগ্রহ নয়, বরং জনসচেতনতা বৃদ্ধি করা। সকলকে রেল চত্বর পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়েছে।