সহেলি মিত্র, কলকাতাঃ আবারও নতুন রেকর্ড গড়ল পূর্ব রেল (Eastern Railways Zone)। যাত্রী পরিষেবা ও টিকিট পরীক্ষায় সাফল্য দেখিয়ে বিরাট আয় করেছে পূর্ব রেল। বর্তমানে পুজোর মরসুম চলছে। শহর থেকে শহরতলি সর্বত্রই মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কেনাকাটা করতে ট্রেনে উঠছেন বিপুল সংখ্যক সাধারণ যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরা। তবে সেক্ষেত্রে অনেকেই আছেন টিকিট কাটছেন না। এরপর টিকিট পরীক্ষকদের হাতে ধরা পড়ে মোটা অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে। সেক্ষেত্রেও এখন রেলের বিপুল পরিমাণে আয় হচ্ছে। জানা গিয়েছে, পূর্ব রেলের মালদহ ডিভিশন (Malda Devision) গত সেপ্টেম্বর মাসে প্রায় ৩২.৩৭ লক্ষ যাত্রীকে পরিষেবা দিয়ে ৫২.০৯ কোটি টাকা আয় করেছে।
বিরাট রেকর্ড গড়ল পূর্ব রেল
গত বছরের সেপ্টেম্বরে প্রায় ২৯ লক্ষ যাত্রীর কাছ থেকে আয় হয়েছিল ৪২.৬৮ কোটি টাকা। ২০২৬–২৭ অর্থবর্ষের এপ্রিল–সেপ্টেম্বর সময়ে মালদহ ডিভিশনে যাত্রীর সংখ্যা বেড়ে ২.১৪ কোটি হয়েছে এবং যাত্রী আয় দাঁড়িয়েছে ৩০৮.৬২ কোটি টাকা। গত বছরের তুলনায় যাত্রী সংখ্যা ৮.৫০% এবং আয় ১৪.৫৪% বেড়েছে। টিকিট পরীক্ষাতেও সাফল্য মিলেছে। সেপ্টেম্বর মাসে টিকিট পরীক্ষার মাধ্যমে আয় হয়েছে প্রায় ১.৫২ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১১৩% বেশি এবং লক্ষ্যমাত্রার চেয়ে ৭.৫২% বেশি। এপ্রিল–সেপ্টেম্বর পর্যন্ত এই খাতে আয় হয়েছে ১২.৭৩ কোটি টাকা, গত বছরের ৬.৮৮ কোটি টাকার তুলনায় ৮৫% বেশি।
শিয়ালদহ ডিভিশনের বিশেষ অভিযানে
গত রবিবার বিনা টিকিটে যাত্রা ও বিভিন্ন অনিয়ম রুখতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ফের বিশেষ মেগা টিকিট চেকিং অভিযান চালায়। শিয়ালদহ-বনগাঁ ও হাসনাবাদ শাখার বিভিন্ন স্টেশন ও ট্রেনে চলা এক দিনের অভিযানে ২ লক্ষ ৫৭ হাজার ৩৪০ টাকা জরিমানা আদায় হয়েছে।
আরও পড়ুনঃ ব্যবসার সুবর্ণ সুযোগ! শিয়ালদহ ডিভিশনে ‘এক স্টেশন এক পণ্য’ স্টলের আবেদন শুরু রেলের
বারাসত, বামুনগাছি, হাবরা-সহ একাধিক স্টেশনে লোকাল ও এসি লোকালে যাত্রীদের টিকিট পরীক্ষা করা হয়। বিনা টিকিটে যাত্রার পাশাপাশি বৈধ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ এবং মালবাহী কামরায় নির্ধারিত সীমার চেয়ে বেশি মাল বহনের মতো অনিয়মের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে।










