অনন্যা সরকার, কলকাতা: শহরের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমান চলাচল হচ্ছে আরও শক্তিশালী। সম্প্রতি ইন্ডিগো (Indigo) পুজোর আগে তিনটি দেশে নতুন ফ্লাইট চালু করার ঘোষণা করেছে। এবার, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের (NSCBI/ Kolkata Airport) অধিকর্তা বিক্রম সিং জানিয়েছেন যে, শীতের মরশুমে কথা মাথায় রেখে বিমান সংস্থাগুলি কলকাতা থেকে গুরুত্বপূর্ণ রুটে ফ্লাইটের সংখ্যা (New Flights) ও আসন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও বড় আকারের বিমান চালু করার পরিকল্পনা করছে।
কলকাতা বিমানবন্দর থেকে চালু হচ্ছে একাধিক নতুন ফ্লাইট
বুধবার এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখার সময় বিক্রম সিং জানান, এমিরেটস এয়ারলাইন্স (Emirates Airlines) কলকাতা থেকে তাদের পরিষেবা ও আসন ক্ষমতা বাড়াতে চলেছে এবং আকাশা এয়ারও (Akasha Air) নভি মুম্বাইগামী ফ্লাইট অন্তর্ভুক্ত করার পাশাপাশি কলকাতা বিমানবন্দর থেকে তাদের কার্যক্রম আরও প্রসারিত করতে চলেছে। বিক্রম সিং এও জানান যে, সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবে বড় আকারের বিমান চালু করার কথা চলছে। চলতি বছরের শীতকালীন ভ্রমণ মরশুমের কথা বিবেচনা করেই এই পদক্ষেপটি নেওয়া হচ্ছে। বর্তমানে কলকাতা ও দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনাকারী এমিরেটস কলকাতা রুটে তাদের যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, এমিরেটস কলকাতা ও দুবাইয়ের মধ্যে সপ্তাহে মোট ১১টি ফ্লাইট পরিচালনা করে। যদিও বিমান সংস্থাটি এখনও পর্যন্ত কলকাতা থেকে দুবাই ছাড়া অন্য কোনও গন্তব্যে সরাসরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করে না, তবে যাত্রীরা দুবাই থেকে কানেকটিং ফ্লাইটে আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, পশ্চিম এশিয়ার দেশগুলি সহ বিশ্বের ১২৫টিরও বেশি গন্তব্যে যাতায়াত করতে পারেন। তাই এই সক্ষমতা বৃদ্ধির ফলে শীতকালীন ভ্রমণের ব্যস্ততম সময়ে পূর্ব ভারতের যাত্রীরা আরও উন্নত সংযোগের সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন:পুজোয় হাওড়া, কলকাতা থেকে দিল্লি ও ঋষিকেশের ট্রেন, দিনক্ষণ সময়সূচি ঘোষণা রেলের
অন্যদিকে, আকাশা এয়ারও কলকাতা থেকে তাদের নেটওয়ার্ক সম্প্রসারণ করার পরিকল্পনা করছে। তাদের গন্তব্যের তালিকায় নভি মুম্বাই অন্তর্ভুক্ত থাকবে বলে জানা গেছে। বিমান সংস্থাটির এই সম্প্রসারণের ফলে কলকাতা ও মুম্বাইয়ের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের জন্য সরাসরি সংযোগের আরেকটি বিকল্প তৈরি হবে।
এদিকে, বিক্রম সিং এনএসসিবিআই বিমানবন্দরে ‘যাত্রী সেবা অভিযান ২০২৬’ চালু করার ঘোষণাও করেছেন এদিন। এটি হল একটি ২৪ দিনব্যাপী যাত্রীকেন্দ্রিক কর্মসূচি, যার লক্ষ্য সহজগম্যতা, নিরাপত্তা, সুযোগ-সুবিধা, পরিষেবার মান এবং যাত্রীদের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করা। ১৭ সেপ্টেম্বর থেকে চালু হওয়া এই কর্মসূচিটি ১০ অক্টোবর পর্যন্ত বিমান বন্দরে পরিচালিত হবে। বিক্রম সিং বলেন, বিমানবন্দর পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু উদ্যোগ গ্রহণের মাধ্যমে যাত্রী সেবার মানোন্নয়ন করাই এই কর্মসূচির লক্ষ্য।










