ফের রাজ্যে চালু হবে ‘দুয়ারে রেশন’? বিধায়কদের মতামত চাইলেন খাদ্যমন্ত্রী

Published:

Duare Ration

প্রীতি পোদ্দার, কলকাতা: ফের খবরের শিরোনামে উঠে এল পূর্বতন সরকারের ‘দুয়ারে রেশন’ (Duare Ration) প্রকল্প। জানা গিয়েছে এবার সেই প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে সরব হচ্ছে বিজেপি সরকার (Government Of West Bengal)। আদতে প্রকল্পটি কতটা কার্যকর হচ্ছে এবং সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন, তা জানতে এবার বিধায়কদের মতামত জানতে চাইল খাদ্য ও সরবরাহ দফতর। এদিকে বিজেপি সরকার ক্ষমতার ময়দানে আসা মাত্রই একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েই চলেছে, আর এবার রেশন নিয়ে বড় পদক্ষেপ নিতে চলেছেন খাদ্যমন্ত্রী (Ashok Kirtania), আর তাতেই ক্ষুব্ধ ডিলাররা।

খবরের শিরোনামে এবার দুয়ারে রেশন

উল্লেখ্য, ২০২১ সালে তৃতীয়বার ক্ষমতায় ফেরার পর তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বসাধারণের জন্য চালু করেছিলেন ‘দুয়ারে রেশন।’ এই ব্যবস্থায় পাড়ায় পাড়ায় রেশন পেতেন গ্রাহকরা। আর রেশন দোকানে যাওয়া প্রয়োজন ছিল না। কিন্তু দুয়ারে রেশন ব্যবস্থায় নানারকম দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল। রেশনে কারচুপির অভিযোগ উঠেছিল বিভিন্ন ডিলারদের বিরুদ্ধে। কিন্তু এবার সরকার পরিবর্তন হতেই পশ্চিমবঙ্গে ফের ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। পুনরায় এই প্রকল্পটি চালুর প্রয়োজন রয়েছে কিনা সেই নিয়ে এবার মতামত চাইলেন খাদ্য মন্ত্রী অশোক কীর্তনীয়া।

বিধায়কদের উদ্দেশ্যে বড় বার্তা খাদ্য মন্ত্রীর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী গত ১১ আগস্ট, রাজ্যের সমস্ত বিধায়কদের উদ্দেশে একটি চিঠি পাঠিয়েছিলেন খাদ্য ও সরবরাহ দফতরের মন্ত্রী অশোক কীর্তনীয়া। যেখানে তিনি লিখেছিলেন যে, উপভোক্তাদের দোরগোড়ায় খাদ্যশস্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে বিগত সরকার যে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চালু করেছিল বর্তমানে তার প্রয়োজনীয়তা ও বাস্তবায়ন নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছে। সেক্ষেত্রে প্রকল্পটির কার্যকারিতা, প্রয়োজনীয়তা এবং সাধারণ মানুষের প্রত্যাশার ক্ষেত্রে কতটা উপযুক্ত, তা নিয়ে মতামত জানাতে হবে বিধায়কদের। অর্থাৎ এই প্রকল্পে উপভোক্তারা বাস্তবে কতটা উপকৃত হচ্ছেন এবং, দুর্নীতিমুক্ত পশ্চিমবঙ্গ গঠনের লক্ষ্যে এই প্রকল্পটি আদেও উপযুক্ত হবে কি না।

Duare Ration

আরও পড়ুন: প্রায় ৬০০ টাকা দাম বৃদ্ধি, এবার কাঁদাবে পেঁয়াজ! কত করে বিক্রি হচ্ছে এখন?

খাদ্যমন্ত্রীর মতে, বিধায়কদের মতামত প্রকল্পটির নিরপেক্ষ মূল্যায়নের পাশাপাশি ভবিষ্যতে নীতিগত সিদ্ধান্ত গ্রহণেও সহায়ক হবে। আশা করা যাচ্ছে পুজোর আগেই দুয়ারে রেশন প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নেবেন খাদ্যমন্ত্রী। এদিকে এই মতামত চাওয়া নিয়ে প্রশ্ন তুলছেন টেষণ ডিলাররা। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের তরফে বিশ্বম্ভর বসু জানিয়েছেন, গত ১৬ জুলাই সংগঠনের পক্ষ থেকে ‘দুয়ারে রেশন’ প্রকল্পের বিরোধিতা করে লিখিত প্রস্তাব দেওয়া হয়েছিল। তার পরেও খাদ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট তাঁরা।