অভয়ার মৃতদেহ দ্রুত সৎকার, ওড়িশা থেকে গ্রেফতার পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ

Published:

Nirmal Ghosh

সৌভিক মুখার্জী, কলকাতা: এই মুহূর্তের সবথেকে বড় খবর, পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে (Nirmal Ghosh) গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। ওড়িশা থেকে আটক করা হয়েছে তাঁকে। আরজি কর কাণ্ডে অভয়ার মৃতদেহ দ্রুত সৎকার করার অভিযোগে দায়ের করা হয়েছিল এফআইআর। এমনকি প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন প্রাক্তন বিধায়ক। ইতিমধ্যেই গত ১৩ জুলাই নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষকে গ্রেফতার করে পুলিশ। আর এবার অভয়া কাণ্ডে গ্রেফতার তৃণমূল বিধায়ক।

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ

২০২৪ এর আগস্ট মাসে আরজি কর মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া ধর্ষণ এবং খুনের ঘটনায় তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকার বিচার দিতে পারেনি। ইতিমধ্যেই গত ৯ তারিখ সেই ঘটনার দু’বছর কেটে গিয়েছে। এমনকি অভয়ার স্মরণসভাতে উপস্থিত থেকে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, অভয়া কাণ্ডে মৃতদেহ দ্রুত সৎকার করার অভিযোগে নির্মল ঘোষ সহ, সঞ্জীব মুখার্জী এবং অন্যান্যদের বিরুদ্ধে পুলিশকে এফআইআর দায়ের করার নির্দেশ দেওয়া হয়েছে। তার মাত্র ৫ দিন কাটতে না কাটতেই ওড়িশা থেকে গ্রেফতার নির্মল ঘোষ।

এমনকি রাজ্য পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল, অভয়ার মৃত্যুকাণ্ডে পানিহাটি শ্মশানে মৃতদেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে আলাদা করে তদন্ত করা হবে। ব্যারাকপুর পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই সেই নির্দেশ দিয়েছিলেন অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিন। পাশাপাশি এই গোটা ঘটনার পুনর্তদন্তের নির্দেশ দেওয়া হয়। মুখ্যমন্ত্রী সেদিন জানিয়েছিলেন, “অভয়ার মা অর্থাৎ রত্না দেবনাথের একটি চিঠি পেয়েছি। তিনি এই গোটা ঘটনার পুনর্তদন্তের জন্য আমাকে চিঠি পাঠিয়েছেন। যেহেতু হাইকোর্ট আর সুপ্রিম কোর্টের নজরদারিতে সিবিআই তদন্ত চলছে, তাই আমি ফের পুনর্তদন্তের ঘোষণা করে গেলাম।”

আরও পড়ুন: ৫০ ঘণ্টার ট্রেনিং বাধ্যতামূলক, শিক্ষকদের জন্য নয়া বিজ্ঞপ্তি রাজ্য সরকারের

এদিকে গত সোমবার অভয়ার বাবা খড়দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে এফআইআর করেন পুলিশ। অভিযোগ, অভয়ার মৃতদেহ সৎকারে অনিয়ম এবং গাফিলতির ঘটনা ঘটেছিল। এমনকি পরিবারের কারোর সই ছাড়াই মৃতদেহ সৎকার করা হয়। সেই সময় প্রমাণ লোপাটের চেষ্টা করেছিলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। সেই সূত্র ধরেই এবার ওড়িশা থেকে আটক নির্মল ঘোষ।