সহেলি মিত্র, কলকাতাঃ মহার্ঘ্য ভাতা (Dearness Allowance) নিয়ে একদিকে যখন সমস্যার শেষ নেই, তখন অন্যদিকে গোদের ওপর বিষ ফোঁড়ার সমান হয়ে দাঁড়াল আরও একটা বিষয়। আর সেটা হল প্রভিডেন্ট ফান্ড (Provident Fund)। টাকা তুলতে গিয়ে ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে কর্মীদের বলে অভিযোগ। গতকাল মঙ্গলবার নতুন করে ডিএ মামলার শুনানি ছিল সুপ্রিম কোর্টে (Supreme Court of India)। সেখানে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেয় বেশ কিছু কর্মচারী সংগঠন। বকেয়া ডিএ তো মিলছেই না, আবার যে কিছুটা টাকা জমা হচ্ছে তাও আবার সেটি পিএফ-এ। সেই টাকা ২৪ মাস ‘লক-ইন’ থাকবে। অর্থাৎ দু’বছর টাকা তোলা যাবে না। কেন এরকম? উঠল প্রশ্ন।
পিএফ থেকে বকেয়া ডিএ নিয়ে আদালতের প্রশ্নের মুখে সরকার
এখন এই পিএফ থেকে শুরু করে রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানো নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়তে হয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারকে। বকেয়া DA-এর টাকা কর্মীদের প্রভিডেন্ট ফান্ড (PF) অ্যাকাউন্টে জমা পড়লেও তা ২৪ মাস ‘লক-ইন’ রাখার সিদ্ধান্ত নিয়ে আদালত জানতে চেয়েছে, সুপ্রিম কোর্টের আগের রায়ে এই ২৪ মাসের সময়সীমার উল্লেখ কোথায় রয়েছে। এহেন প্রশ্নে মহা ফাঁপরে পড়েছে সরকার।
কী বক্তব্য সরকারের?
রাজ্য জানিয়েছে, মোট বকেয়ার ৮৫ শতাংশ মেটাতে তারা প্রস্তুত এবং ইতিমধ্যেই প্রায় ৬৫ শতাংশ, অর্থাৎ প্রায় ৭,৭০০ কোটি টাকা দেওয়া হয়েছে। তবে কর্মী সংগঠনগুলির অভিযোগ, সর্বভারতীয় মূল্যবৃদ্ধির সূচক অনুযায়ী DA দেওয়ার নির্দেশও পুরোপুরি মানা হচ্ছে না। ২৪ মাসের লক-ইন নিয়েও আপত্তি জানিয়েছে তারা। রাজ্য সরকারের কর্মচারী সংগঠনগুলি অভিযোগ তুলেছে, সুপ্রিম কোর্টের রায় মানা হচ্ছে না।
এই বিষয়ে বড় তথ্য দিয়েছেন আইনজীবী করুণা নন্দী। তিনি বলেন, শীর্ষ আদালত সর্বভারতীয় মূল্যবৃদ্ধির সূচক মেনে বকেয়া ডিএ মেটাতে বলেছিল। কিন্তু এ ক্ষেত্রে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের খুচরো মূল্যবৃদ্ধির সূচক মেনে বকেয়া ডিএ দিতে চাইছে। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র রাজ্য সরকারের কাছে জানতে চান, আদালতের রায়ে কোথায় এই ‘লক-ইন পিরিয়ড’ ছিল?
আরও পড়ুনঃ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে ‘ঘাড়ধাক্কা’ খেলেন অভিষেক
সলিসিটর জেনারেল এ নিয়ে বলেন, এই প্রথম মৌখিক ভাবে অভিযোগ তোলা হল। যদি কর্মী সংগঠনগুলি লিখিত ভাবে আদালতকে জানায়, তা হলে রাজ্য তার জবাব দিতে পারে। আইনজীবী রউফ রহিম বলেন, বকেয়া ডিএ মেটানোর কাজে নজরদারির জন্য সুপ্রিম কোর্ট যে অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মলহোত্রর কমিটি তৈরি করেছে, সেখানে সব কর্মী সংগঠনকে ডাকা হচ্ছে না। তা হলে সবাই সেখানে অভিযোগ জানাতে পারেন। যাইহোক, বিষয়টি লিখিত ভাবে জানাতে বলা হয়েছে এবং আজ বুধবার ফের মামলার শুনানি হবে।










