প্রীতি পোদ্দার, কলকাতা: কিছু দিন আগেই পূর্বতন সরকারের লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছিল। মহিলাদের জন্য ঘোষিত এই প্রকল্পের টাকা ঢুকত পুরুষদের অ্যাকাউন্টে, তাই নিয়ে কম বিতর্কের মুখে পড়তে হয়নি তৃণমূল কংগ্রেসকে। আর এবার এই তর্ক বিতর্কের মাঝে খবরের শিরোনামে উঠে এল প্রতিবন্ধী ভাতা (Handicapped Allowance)। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদে (Murshidabad)। অভিযোগ সুস্থ মানুষকে নাকি বেআইনিভাবে দেওয়া হচ্ছে প্রতিবন্ধী ভাতা! কাঠগড়ায় উঠলেন তৃণমূল নেতার পরিবার।
সুস্থ হয়েও নেওয়া হত প্রতিবন্ধী ভাতা
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে পঞ্চায়েত সমিতির সদস্য অসিকুল ইসলামের পরিবারের অন্তত ১৫ জন সদস্যের নামে বছরের পর বছর ধরে সরকারি প্রতিবন্ধী ভাতা তোলার অভিযোগ উঠে এসেছে। তালিকায় রয়েছেন অসিকুল ইসলামের স্ত্রী রেশমা লাইলা, তিন ছেলে মহম্মদ আদিল ইসলাম, মহম্মদ সাইফ ইসলাম ও সাজিদ ইসলাম। এছাড়াও ভাই, কাকা, ভাইপো এবং ভাইঝিদেরও প্রতিবন্ধী হিসেবে দেখানো হয়েছে। কিন্তু অভিযোগ তাঁদের পরিবারে কারোরই শারীরিক বা মানসিক কোনও প্রতিবন্ধকতা নেই। আর এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমত শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
ক্ষুব্ধ স্থানীয়রা
স্থানীয়দের দাবি, বাড়ির প্রতিটি সদস্য সুস্থ রয়েছেন, আর তাই প্রশ্ন উঠছে, প্রকৃত প্রতিবন্ধীরা যখন সরকারি সাহায্যের আশায় দফতরে দফতরে ঘুরছেন, তখন কীভাবে এক রাজনৈতিক নেতার পরিবারের এতজন সদস্য সরকারি ভাতার সুবিধা পেলেন? কেন প্রশাসন সঠিকভাবে যাচাই প্রক্রিয়া করেনি? অর্থাৎ যাচাই-বাছাইয়ের দায়িত্বে থাকা সরকারি ব্যবস্থার ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা সব অভিযোগ অস্বীকার করেছেন। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে এই খবর সরাসরি প্রশাসনের নজরে পড়েছে। সঠিকভাবে তদন্তের আশ্বাসও পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: বারুইপুর কাণ্ডে এবার রাজপথে প্রতিবাদী মিছিল! অনুমতির জন্য হাইকোর্টে ছুটলেন মমতা
প্রসঙ্গত, রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই একের পর এক পূর্বতন সরকারের কেচ্ছা কেলেঙ্কারি প্রকাশ্যে আসছে। তোলাবাজি, নিয়োগ দুর্নীতি সহ একাধিক বেআইনি ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূলের বিধায়ক, মন্ত্রী এবং নেতারা। আর এবার বিতর্কের তালিকায় যুক্ত হল প্রতিবন্ধী ভাতা। শাসকদলের দাবি, তৃণমূলের আমলে বারবার সরকারি প্রকল্পের স্বচ্ছতার কথা জানানো হলেও কোন প্রতিশ্রুতি ঠিকভাবে পালন করা হয়নি। খুব শীঘ্রই এবার এই ভাতা নিয়ে তদন্ত শুরু হবে।










