বিক্রম ব্যানার্জী, কলকাতা: আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামবাসীদের কাছ থেকে টাকা তুলেছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই (Howrah Amta News)। এমন অভিযোগেই এবার ওই তৃণমূল নেত্রীর বাড়িতে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে আমতার কাশমুলী গ্রামে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাশ্মুলি গ্রাম পঞ্চায়েতের প্রধান অঞ্জলি দেবী আবাসের ঘর পাইয়ে দেওয়ার নাম করে গ্রামবাসীদের টাকা আত্মসাৎ করেছেন। তাঁরা দিনের পর দিন গ্রাম পঞ্চায়েত প্রধানের কাছে জব কার্ড ফিরিয়ে দেওয়ার আবেদন জানালেও কাজ হয়নি। আর তারপরই অঞ্জলি দলুইয়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান গ্রামবাসী।
অভিযোগ রয়েছে পঞ্চায়েত প্রধানের স্বামীর বিরুদ্ধেও
তৃণমূল সরকারের আমলে দুর্নীতি হয়েছে এ কথা বর্তমান সময়ে সর্বজনীন সত্য হয়ে! উপর তলা থেকে শুরু করে তৃণমূলের নিচের তলা অর্থাৎ গ্রাম পঞ্চায়েত প্রধান ও স্থানীয় কর্মীদের বিরুদ্ধেও সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। আর ঠিক সেই একই অভিযোগের ভিত্তিতে আমতার কাশমুলী গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলী দলুইয়ের বাড়িতে ভাঙচুর চালালেন স্থানীয় গ্রামবাসীরা।
অভিযোগ, তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই বিগত দিনগুলিতে স্থানীয় বাসিন্দাদের আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে, প্রচুর টাকা তুলেছেন। সূত্রের খবর, তাঁর স্বামী তরুন দলুইও একজন প্রভাবশালী তৃণমূল নেতা। তাঁর বিরুদ্ধেও নানান সরকারি প্রকল্প পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে তোলাবাজির অভিযোগ রয়েছে। আমতার ওই গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অঞ্জলি দেবী এর আগে বহুবার আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে টাকা তোলার পাশাপাশি 100 দিনের কাজ সহ বেশ কিছু সরকারি প্রকল্পের নাম করে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন।
জানা যায়, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওই পঞ্চায়েত প্রধানের কাছে তাঁদের জব কার্ড ফেরত চাইলে তিনি ফেরত তো দেনইনি, বরং তাঁদের নানান ভাবে প্রতারণা করেছিলেন। মূলত সে কারণেই দিনের পর দিন ক্ষোভ পুঞ্জিভূত হতে থাকে স্থানীয়দের। শেষমেষ রবিবার তা পরিণত হয় বিস্ফোরণে! এদিন আমতার ওই গ্রামের স্থানীয় বাসিন্দারা একেবারে দল বেঁধে পঞ্চায়েত প্রধানের বাড়িতে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর চালান। বাঁশ, লাঠি এমনকি লোহার রড দিয়ে বাড়ি মেরে ভেঙে ফেলা হয় পঞ্চায়েত প্রধানের বাড়ির জানালার কাছ থেকে শুরু করে এসির আউটডোর ইউনিটও।
অবশ্যই পড়ুন: প্রধানমন্ত্রীর হাত ধরে হাজার বছরেরও বেশি পুরনো মূল্যবান সম্পদ ফিরে পেল ভারত
যদিও, বিশৃঙ্খলার খবর পেয়ে তড়িঘড়ি কেন্দ্রীয় বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আপাতত যা খবর, প্রশাসনের হস্তক্ষেপে এই মুহূর্তে আমতার ওই পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনের জটলা সরানো গিয়েছে। তবে পুলিশের কাছে গ্রামবাসীরা আবেদন জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তাঁদের কাছ থেকে নেওয়া কষ্টের টাকা যেন ফিরিয়ে দেন পঞ্চায়েত প্রধান অঞ্জলি দলুই। যদিও এই ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেত্রী বা তাঁর পরিবারের প্রতিক্রিয়া মেলেনি।










