মাল্টিপ্লেক্স, পার্কিং জোন থেকে স্কাইওয়াক! সামনে এল হাওড়া বাসস্ট্যান্ডের প্রোটোটাইপ

Published:

Howrah Bus Stand

অনন্যা সরকার, হাওড়া: রাজ্য সরকার হাওড়া বাসস্ট্যান্ডকে (Howrah Bus Stand) নতুন রূপদান করার জন্য একটি মেগা প্ল্যান তৈরি করেছে। এই পরিকল্পনার অধীনে বিদ্যমান বাসস্ট্যান্ডটিকে সম্পূর্ণরূপে একটি অত্যাধুনিক ও বহু-স্তরীয় পরিবহন কেন্দ্রে রূপান্তরিত করা হবে। প্রতিদিন হাওড়ায় যাতায়াতকারী প্রায় ১০ লক্ষ যাত্রীকে উন্নততর পরিবহন সুবিধা প্রদান করার উদ্দেশ্যেই এই নতুন পরিকল্পনা শুভেন্দু অধিকারীর সরকারের। এছাড়াও, বাসস্ট্যান্ড, হাওড়া স্টেশন, সংলগ্ন ফুটপাথ ও আশেপাশের এলাকার ব্যাপকভাবে সংস্কার করা হবে বলে শোনা যাচ্ছে। প্রস্তাবিত এই প্রকল্পের কাজ আগামী বছর জানুয়ারি মাসে শুরু হবে বলে আশা করা হচ্ছে। তার আগে এবার বৃহস্পতিবার, সরকারের তরফে এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের একটি প্রস্তাবিত নকশা (Official Prototype) প্রকাশ করেছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে হাওড়া স্টেশন ও বাসস্ট্যান্ড চত্বরের দৃশ্যটাই আমূল পাল্টে যাবে। 

বিমানবন্দরের ধাঁচে গড়ে উঠবে হাওড়া বাসস্ট্যান্ড

সরকারের তরফে প্রকাশ করা প্রাথমিক নকশাটির বিস্তারিত বিবরণ দিয়ে পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন যে, আগামী দিনে হাওড়া বাস স্ট্যান্ড এবং হাওড়া স্টেশনের আশেপাশের অঞ্চলকে বিমানবন্দর ধাঁচে গড়ে তোলা হবে। 

বিদ্যমান বাস স্ট্যান্ডের বিস্তৃত এলাকাটিকে একটি বহুতলবিশিষ্ট পরিবহন ও বাণিজ্যিক কমপ্লেক্সে রূপান্তরিত করা হবে। এর একদম নীচের তলায় বাস স্ট্যান্ডের ব্যবস্থা থাকবে। এরপরের তলাগুলিতে গাড়ি, মোটরবাইক, স্কুটার পার্কিংয়ের জন্য নির্দিষ্ট জোন তৈরি হবে। এছাড়া, হাওড়া স্টেশনকে কেন্দ্র করে বিভিন্ন পরিবহন ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধন করার জন্য একটি নির্দিষ্ট ট্যাক্সি স্ট্যান্ড তৈরির পরিকল্পনাও করা হয়েছে। এই কমপ্লেক্সে শপিং মল, ফুড কোর্ট এবং সর্বোচ্চ তলায় মাল্টিপ্লেক্স তৈরির পরিকল্পনা রয়েছে।

আরও পড়ুন: এ বছরই শেষ হচ্ছে কাজ, কবে খুলবে নতুন কবি সুভাষ মেট্রো স্টেশন? জানুন তারিখ

তবে সবচেয়ে উল্লেখযোগ্য হল, একটি বিশেষ স্কাইওয়াক, যা হাওড়া বাস টার্মিনালকে সরাসরি হাওড়া স্টেশনের সাথে সংযুক্ত করবে। এর  মাধ্যমে যাত্রীরা রাস্তার যানজটের মধ্য দিয়ে না গিয়ে সরাসরি এই দুটি প্রধান পরিবহন কেন্দ্রের মধ্যে সহজে যাতায়াত করতে পারবেন। এছাড়াও, হাওড়া স্টেশনের প্রধান সাবওয়ে ও ফেরিঘাট সাবওয়ে নতুন করে ডিজাইন করা হবে। পুরো প্রজেক্টটির জন্য খরচ হতে পারে আনুমানিক ২৫ কোটি টাকা। এই প্রকল্পটি রাজ্য প্রশাসন, ভারতীয় রেল, কেএমডিএ (KMDA), হাওড়া পুরনিগমের যৌথ প্রয়াসে গড়ে উঠবে।