সহেলি মিত্র, কলকাতাঃ আবারও শিরোনামে উঠে এল হাওড়া-পাটনা বন্দে ভারত (Howrah-Patna Vande Bharat Express)। আপনিও কি এই ট্রেনে প্রায়ই ভ্রমণ করেন বা আগামী দিনে ভ্রমণের প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য রইল সুখবর। সকলের সুবিধার জন্য বিশেষ করে বিহারবাসীর দাবি অনুযায়ী এই ট্রেনে নতুন স্টপেজ দেওয়ার ঘোষণা করল পূর্ব রেল। আগামী ১৫ মে, ২০২৬ থেকে আরও একটা নতুন স্টেশনে দাঁড়াবে হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস।
নতুন স্টপেজ পেল হাওড়া-পাটনা বন্দে ভারত
পূর্ব রেলের (Eastern Railways) তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, যাত্রীদের সুবিধার জন্য ট্রেন নম্বর ২২৩৪৭/ ২২৩৪৮ হাওড়া-পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস আগামী ১৫ মে থেকে জামুই স্টেশনে থামবে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। রেলের এই সিদ্ধান্তে উপকৃত হবেন বিহারবাসী (Bihar)।
উপকৃত হবেন রেল যাত্রীরা
রেলের বিজ্ঞপ্তি অনুসারে, নতুন ব্যবস্থাটি ১৫ই মে থেকে কার্যকর হবে। এর অধীনে, বন্দে ভারত এক্সপ্রেসকে জামুই স্টেশনে দুই মিনিটের জন্য থামবে ট্রেনটি। আশা করা হচ্ছে, এই সিদ্ধান্তটি জামুই ও তার পার্শ্ববর্তী এলাকার যাত্রীদের জন্য ব্যাপক স্বস্তি বয়ে আনবে। নতুন সময়সূচী অনুযায়ী, ২২৩৪৭ নম্বর হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রাত ৮:০৫ মিনিটে জামুই স্টেশনে পৌঁছাবে। ২ মিনিট থামার পর ট্রেনটি রাত ৮:০৭ মিনিটে পাটনার উদ্দেশে ছেড়ে যাবে। জামুই স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের থামার ফলে শুধু জামুইয়ের যাত্রীরাই নন, লক্ষীসরাই, শেখপুরা এবং পার্শ্ববর্তী এলাকার যাত্রীরাও উপকৃত হবেন।
আরও পড়ুনঃ শনিবারই বর্ষার প্রবেশ ভারতে, প্রবল বৃষ্টির সম্ভাবনা একাধিক রাজ্যে
অপরদিকে ২২৩৪৮ নম্বর পাটনা-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯:৪৯ মিনিটে জামুই স্টেশনে পৌঁছাবে। দুই মিনিটের বিরতির পর ট্রেনটি সকাল ৯:৫১ মিনিটে হাওড়ার উদ্দেশে রওনা দেবে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, যাত্রীর সংখ্যা ও প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে ভবিষ্যতে স্থায়ী স্টপেজের বিষয়টিও বিবেচনা করা হতে পারে। অর্থাৎ যাত্রীরা এখন সরাসরি তাঁদের নিকটতম স্টেশন থেকেই বন্দে ভারত পরিষেবার সুবিধা গ্রহণ করতে পারবেন।










