‘ভালো কাজে এসেছি, ভালো ভালো কথা বলি?’ মমতার প্রসঙ্গ উঠতেই যা বললেন জুন মালিয়া

Published:

June Malia

প্রীতি পোদ্দার, কলকাতা: পুজোর আবহে গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাত ধরে হলদিয়ায় শিল্পের নতুন দিগন্তের সূচনা হয়েছিল। প্রায় ৬ হাজার কোটি টাকার প্রকল্পের এই অনুষ্ঠান হয়ে উঠেছিল সকলের কাছে বেশ আকর্ষণীয়। আর সেই উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সাংসদ হিসেবে উপস্থিত ছিলেন NCPI সদস্য জুন মালিয়া (June Malia)। দীর্ঘক্ষণ অনুষ্ঠানে থাকার পর যখন বেরিয়ে আসছিলেন সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। এদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন উঠতেই কৌশলী জবাব দিলেন জুন মালিয়া (June Malia on Mamata Banerjee)।

মমতার প্রসঙ্গ এড়িয়ে যান জুন মালিয়া

তৃণমূল কংগ্রেসের টিকিটে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতেছিলেন অভিনেত্রী জুন মালিয়া। যদিও বর্তমানে তিনি ছেড়েছেন তৃণমূলের হাত। ২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় হারের পর রাতারাতি তিনি রাজনৈতিক দল পরিবর্তন করেছিলেন। বিদ্রোহী সাংসদদের সঙ্গে হাত মিলিয়ে বর্তমানে ভারতের জাতীয়তাবাদী নাগরিক দল বা NCPI-এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। একসময় মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের মানুষ কিন্তু এখন তাঁকে নিয়ে কোনো প্রশ্ন করা হলে বরাবর এড়িয়ে যান সাংসদ। গতকাল হলদিয়াতেও ঠিক একই প্রতিক্রিয়া দেখালেন জুন মালিয়া।

প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শারদীয়ার শুভেচ্ছা জুনের

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বুধবার, চতুর্থীর দিন হলদিয়ায় AdPerMa-র ফেনল ও অ্যাসিটোন প্ল্যান্টের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NCPI সাংসদ জুন মালিয়া। সেখানেই সমস্ত সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হয়েছিলেন তিনি। তখনই কয়েকজন সাংবাদিক প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ তোলেন। জবাবে জুন মালিয়া জানান, “আজকে একটা শুভ দিন, এবং আজ আমরা একটা ভালো কাজে এসেছি, ভালো ভালো কথা বলি? আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল।”

আরও পড়ুন: গড়িয়াহাটের ফ্লাইওভারের রং তুলছে প্রশাসন! দুর্ঘটনার দায় কার? প্রশ্ন কুণাল ঘোষের

সংবাদমাধ্যমের তরফে জুন মালিয়াকে প্রশ্ন করা হয়, ‘দিল্লি উত্তপ্ত। সিজেপি-র প্রোটেস্ট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে কী বলবেন।’ এই প্রসঙ্গে সাংসদ জানান, “মমতা বন্দ্যোপাধ্যায় একজন বড় মাপের রাজনীতিবিদ। তিনি ভালো বুঝতে পারবেন কোন কাজটা করলে ঠিক হবে কোনটা নয়, সুতরাং উনি যেটা করছেন সেটা হয়তো ওনার দিক থেকে ভালো হবে ভেবেই করছেন।” এর আগেও ইডেনে মহালয়ার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুন মালিয়া। সেখানেও দিল্লিতে মমতার আটক নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন যে, ‘কিছু বলব না। আজ একটা ভালো দিন, একটা ভালো জিনিস থেকে বেরোচ্ছি।’

google button