সৌভিক মুখার্জী, কলকাতা: শিক্ষক নিয়োগের (Teacher Recruitment) ক্ষেত্রে এবার বড় সিদ্ধান্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের। স্কুল সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী এবার প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও ওবিসি সংরক্ষণের নিয়মে পরিবর্তন আনল শিক্ষা পর্ষদ। অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী আগের সমস্ত নির্দেশিকা বাতিল করে বর্তমানে সরকারি চাকরিতে মোট ৬৬টি শ্রেণীকে ৭ শতাংশ সংরক্ষণের আওতায় আনা হয়েছে। আর এই নিয়মের ভিত্তিতেই ১৩ হাজার ৪২১টি শূন্যপদে শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন পর্ষদের সচিব রঞ্জন কুমার ঝা।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বড় সিদ্ধান্ত পর্ষদের
বিকাশ ভবন সূত্রে খবর, নতুন এই সিদ্ধান্তের ফলে কলকাতা, ঝাড়গ্রাম, জলপাইগুড়ি, কোচবিহার, হাওড়া, উত্তর দিনাজপুর, নদীয়া এবং শিলিগুড়ি জেলায় যেখানে আগে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হয়েছিল, তার একাংশ বাতিল হতে চলেছে, কিন্তু বাকি ১৫টি জেলায় নতুন নিয়মে ৭ শতাংশ ওবিসি সংরক্ষণ মেনে ইন্টারভিউ নেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। এর জেরে ১০ শতাংশ ওবিসি কোটা বাদ যাচ্ছে। আর সেই জায়গায় ১০% সাধারণ ক্যাটাগরির প্রার্থীরাই অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।
এক্ষেত্রে পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.wb.gov.in গিয়ে প্রার্থীদের শ্রেণি সংক্রান্ত অপশন দেওয়ার সুযোগ রয়েছে। ১৪ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এই অনলাইন পোর্টাল খোলা থাকবে। সেখান থেকে প্রার্থীরা খুব সহজেই তাদের ওবিসি শ্রেণি সিলেক্ট করতে পারবে। তবে হ্যাঁ, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছে।
কিন্তু এই নিয়মের ফলে ২০২২ সালে টেট পাস বহু ওবিসি সংরক্ষিত প্রার্থী নতুন করে অপশন দিতে পারছেন না বলেও উঠছে অভিযোগ। সম্প্রতি আন্দোলনরত প্রার্থীরা এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কিন্তু সদ্য দায়িত্বপ্রাপ্ত পর্ষদ সভাপতি রবিরঞ্জন সেন জানিয়েছেন, যে সমস্ত জেলায় ইন্টারভিউ বাকি রয়েছে সেখানে ওবিসি সংরক্ষণে নতুন নিয়ম মেনে যত দ্রুত সম্ভব নিয়োগ করা হবে। এমনকি এ বিষয়ে করুণাময়ীতে আন্দোলনরত এক শিক্ষক বলেন, “আমার নাম নতুন করে এডিট অপশনে দিতে পারছি না। পর্ষদের এই সমস্যা সমাধান করা উচিত।”










