অনন্যা সরকার, কলকাতা: লক্ষ্য স্থির রেখে পরিশ্রম করে গেলে সাফল্য ঠিকই মেলে – তা প্রমাণ করে দিলেন বীরভূমের রামপুরহাটের বাসিন্দা মহাম্মদ সুলতান। কিশোরবেলায় টেলিভিশনে ‘চন্দ্রযান’-এর উৎক্ষেপণ দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। সেই মুহূর্তেই তিনি মনে মনে সংকল্প করে নেন, একদিন তিনিও ভারতের মহাকাশ গবেষণায় ক্ষেত্রে অবদান রাখবেন। দীর্ঘদিন ধরে লালন করা সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। মহম্মদ সুলতান সম্প্রতি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’ (ISRO)-এর গবেষণা ও উন্নয়ন বিভাগে কাজ করার সুযোগ পেয়েছেন। আসুন তাঁর এই যাত্রা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
দারিদ্র্যের মধ্যেই আকাশ ছোঁয়ার স্বপ্ন সুলতানের
রামপুরহাটের ব্রাহ্মণী গ্রামের এক কৃষক পরিবারে বড় হয়ে ওঠেন সুলতান। পরিবারে রয়েছে বাবা, মা ও দুই ভাই। শৈশব থেকেই অভাব-অনটন ছিল তাঁদের নিত্যসঙ্গী, কিন্তু তিনি কখনোই সেগুলোকে নিজের পড়াশোনার পথে বাধা হতে দেননি। রামপুরহাটের অনন্তপুর কানাইপুর রাহেলিয়া হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস করার পর তিনি উচ্চশিক্ষার জন্য কলকাতায় চলে আসেন। তিনি আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.টেক (B. Tech) এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এম.টেক (M. Tech) ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি আইআইটি খড়গপুর (IIT Kharagpur) থেকে পিএইচডি (PhD) শুরু করেন। ডক্টরেট সম্পন্ন করার আগেই তিনি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে যোগ দেওয়ার সুযোগ পান।
সুলতানের পরিবার জানায়, ‘চন্দ্রযান’ অভিযান সুলতানের মনে গভীর প্রভাব ফেলেছিল, যা তাঁকে মহাকাশ বিজ্ঞানের প্রতি আকর্ষিত করে। তিনি এই ক্ষেত্রেই ক্যারিয়ার গড়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হন। সংসারে অভাব অনটন থাকা সত্ত্বেও তিনি কখনোই নিজের লক্ষ্য থেকে বিচ্যুত হননি। শুরু থেকেই তাঁর আকাঙ্ক্ষা ছিল কোনো গবেষণা-ভিত্তিক প্রতিষ্ঠানে যোগদান করার। আর এই আকাঙ্ক্ষাই তাঁকে ইঞ্জিনিয়ারিং, এম.টেক এবং শেষ পর্যন্ত গবেষণার দিকে পরিচালিত করেছে। আইআইটি খড়গপুরে পিএইচডি করার সময় তিনি ইসরোর পরীক্ষায় বসেন এবং সফলভাবে নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুন: ১২-তে হিউম্যানয়েড রোবট, ১৬-তে এআই উদ্যোক্তা! নজর কাড়ল ভারতের ‘এআই কিড’
মহম্মদ সুলতানের এই সাফল্যে তাঁর পরিবার, প্রতিবেশী থেকে প্রাক্তন স্কুলের শিক্ষকরা – সবাই অত্যন্ত আনন্দিত। সুলতান জানান, অভাব অনটনের কারণে তাঁর মেজ ভাই নিজের পড়াশোনা শেষ করতে পারেননি, কিন্তু সেই ভাই-ই তাঁকে সবসময় এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করে গেছেন। সুলতান এখন ভারতের মহাকাশ গবেষণায় নিজেকে নিয়োজিত করার অপেক্ষায় রয়েছেন। তাঁর এই যাত্রা গ্রাম ও সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা অনেক তরুণ-তরুণীর জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।


