প্রীতি পোদ্দার, কলকাতা: মমতাকে ভুলে এবার বিজেপির প্রশংসায় পঞ্চমুখ সঙ্গীত শিল্পী কবীর সুমন (Kabir Suman)। নতুন সরকারের কাজ নিয়ে বিজেপি নেতাদের রীতিমতো সাধুবাদ জানালেন তিনি। রাজনীতির ময়দানে কবীর সুমনের অবস্থান বরাবরই আলাদা নজর কেড়েছিল। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে যাদবপুর কেন্দ্র থেকে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন তিনি। দলের সঙ্গে মতপার্থক্য থাকলেও বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেখা গিয়েছিল এই কবীর সুমনকে। কিন্তু এখন ক্ষমতার রদবদল হতেই দেখা গেল অন্য চিত্র। দ্বন্দ্ব ভুলে এবার শুভেন্দু অধিকারীর সরকারের ভূয়সী প্রশংসা (Kabir Suman praises BJP) করলেন তিনি।
বিজেপি সরকারের প্রশংসা করলেন কবীর সুমন
চলতি বছরের মার্চে এসআইআরের প্রতিবাদে যখন বাংলা গর্জে উঠেছিল তখন মমতার ধরনা মঞ্চে পাশে এসে দাঁড়িয়েছিলেন কবীর সুমন। শুধু তাই নয় বিজেপিকে আক্রমণ করতেও একবিন্দু ছাড়েননি। মঞ্চে বসে বলেছিলেন, ‘বিজেপি গবেট, বিজেপি নিরেট’। তবে নির্বাচনের ফল প্রকাশিত হতেই অন্য সুর শোনা গিয়েছিল তাঁর মুখে। তৃণমূলের বিরুদ্ধে কবীর সুমন (Kabir Suman) দাবি করেছিলেন যে, তিনি নাকি কখনই তৃণমূলপন্থী ছিলেন না, সেই সময় হাতে পায়ে ধরে তাঁকে ভোটে দাঁড় করানো হয়েছিল। যদিও সেই নিয়ে কম বিতর্ক হয়নি। আর এবার কবীর সুমনকে সরাসরি বিজেপির প্রশংসা করতে দেখা গেল। টালিগঞ্জের বিধায়ক পাপিয়া অধিকারীর কাজেরও প্রশংসা করেছেন তিনি।
কী বলছেন কবীর সুমন?
প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গতকাল, বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়োতে কবীর সুমন জানিয়ে ছিলেন যে, তাঁর এলাকার একটি গাছের উচ্চতা নিয়ে পাড়ার লোকেদের সমস্যা তৈরি হয়েছে। ঝড়বৃষ্টিতে ডাল ভেঙে বিদ্যুতের তারের উপর পড়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। কিন্তু কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করতে পারেননি কবীর সুমন। শেষে এক পরিচিতের কাছ থেকে তিনি বিধায়ক পাপিয়া অধিকারীর নম্বর জোগাড় করে হোয়াট্সঅ্যাপে তাঁকে সমস্যার কথা জানালে এক দিনের মধ্যে সব কাজ করে দেন। এরপর কোনওভাবে যোগাযোগ করেন বিধায়ক পাপিয়া অধিকারীর সঙ্গে। তিনি অভিযোগ পাওয়ামাত্রই সমস্যা নির্মূল করেন। সব মিলিয়ে নতুন। সরকারের কাজে বেজায় খুশি শিল্পী।
আরও পড়ুন: ৭ বছর আগে মৃত্যু, কিন্তু এখনও অ্যাকাউন্টে ঢুকছে বার্ধক্য ভাতা! শোরগোল পাণ্ডুয়ায়
কবীর সুমন জানিয়েছেন, ‘‘নতুন সরকার এসে কাজ করছে। পাড়ার দিকে নজর দিচ্ছে। রাস্তায় ময়লা জমে থাকছে না। জল, বিদ্যুৎ পাচ্ছি। এর বাইরে এই বয়সে আর কিছু ভাবতেও পারছি না। আমি অত্যন্ত প্রীত। সহনাগরিকেরাও সেই কথা বলবেন আশা করি।’’ শিল্পীর এই ভিডিয়ো বিধায়ক পাপিয়া অধিকারী নিজের সমাজমাধ্যমের পেজে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘‘এই জন্যই সরকার পাল্টেছে। বিজেপি এসেছে। আমরা আপনাদের পাশে, আমরা আপনাদের সেবায়, আপনাদের সঙ্গে।’’ এদিকে কবীর সুমনের মুখে বিজেপির প্রশংসা দেখে সমালোচকদের মনে প্রশ্ন জাগছে তবে কি তৃণমূল ছেড়ে বিজেপির শিবিরে ঢুকতে চাইছেন তিনি?










