খুলল বাংলার কপাল! আফ্রিকা থেকে ৪০৪৫ কোটির অর্ডার পেল কলকাতার রেল কোম্পানি

Published:

Texmaco Rail & Engineering Ltd

সৌভিক মুখার্জী, কলকাতা: বিশ্ববাজারে নিজেদের আধিপত্য আরও শক্তিশালী করে ফেলল কলকাতার সংস্থা টেক্সম্যাকো রেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড (Texmaco Rail & Engineering)। দক্ষিণ আফ্রিকার (South Africa) এক ট্রেন অপারেটিং সিস্টেম থেকে আনুমানিক ৪০৪৫ কোটি টাকার একটি বিশাল আন্তর্জাতিক অর্ডার পাওয়ার কথা ঘোষণা করেছে সংস্থা। আর এই খবরে বুধবার বাজার খুলতেই টেক্সম্যাকোর শেয়ার কেনার একেবারে ধুম পড়ে যায় বিনিয়োগকারীদের মধ্যে।

বিরাট অর্ডার সাউথ আফ্রিকার

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, এই প্রকল্পের আওতায় দক্ষিণ আফ্রিকাকে ২২৩৫টির বেশি মালবাহী ওয়াগন এবং আনুমানিক ৩০টি ডিজেল লোকোমোটিভ রেল ইঞ্জিন সরবরাহ করে থাকবে টেক্সম্যাকো। কেবলমাত্র সরঞ্জাম ব্যবহার নয়, বরং এই চুক্তিতে আগামী ১৫ বছরের রক্ষণাবেক্ষণেরও দায়িত্ব থাকবে এই টেক্সম্যাকোর উপর। যার ফলে দীর্ঘদিনের আয়ের একটি নিশ্চিত পথ প্রশস্ত হচ্ছে বাঙালি এই সংস্থার জন্য।

শেয়ারবাজারে হিড়িক

তবে এই মেগা অর্ডারের খবর ছড়িয়ে পড়তেই বুধবার BSE টেক্সম্যাকোর শেয়ারের দাম একেবারে ১৫ শতাংশ বেড়ে ১২০.৯৫ টাকায় পৌঁছয়। আর দিনের শুরুতেই লেনদেনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ গুণ বৃদ্ধি পায়। এমনকি NSE তে শেয়ারটির দাম ১৩.৫০ শতাংশ লাফিয়ে ১১৯.৮০ টাকায় পৌঁছে যায়। আর সাম্প্রতিক সময়ে এই উত্থান বিনিয়োগকারীদের লোকসান কাটিয়ে যে লাভের মুখ দেখিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

আরও পড়ুন: রাজ্যে বাড়ল গরমের ছুটির মেয়াদ, কবে খুলবে স্কুল? ঘোষণা সরকারের

উল্লেখ্য, টেক্সম্যাকোর ম্যানেজিং ডিরেক্টর সুদীপ্ত মুখোপাধ্যায় জানিয়েছেন যে, দক্ষিণ আফ্রিকা তাদের জন্য একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাজার। সেখানে বর্তমানে রেল পরিকাঠামোর আধুনিকীকরণ আর সংস্কারের কাজ চলছে। তিনি বলেছেন, এই বড় রেল ইঞ্জিনিয়ারিং এবং উৎপাদন ক্ষমতার উপরে গোটা বিশ্বব্যাপী আস্থার প্রতিফলন। কিন্তু আন্তর্জাতিক এই দীর্ঘমেয়াদী প্রকল্পের ক্ষেত্রে আমরা ভূ-রাজনীতি পরিস্থিতি আর বিশ্ব অর্থনীতির গতির উপর কড়া নজর রেখেই এগোব।