পুজোর আগে বেহাল রাস্তা নিয়ে হাইকোর্টে দায়ের মামলা

Published:

Bad Road

সহেলি মিত্র, কলকাতাঃ পুজোর মুখে বাংলার বেহাল রাস্তা (Bad Road) নিয়ে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। কলকাতা, হাওড়া-সহ রাজ্যের বিভিন্ন রাস্তার দুরবস্থা এবং দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি আইনজীবী আকাশ শর্মা সোমবার প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি জনস্বার্থ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। ডিসেম্বরেই মামলার শুনানি হবে।

বাংলার বেহাল রাস্তা নিয়ে হাইকোর্টে মামলা দায়ের

মামলাকারীর দাবি, খারাপ রাস্তা শুধু যানজটের কারণ নয়, মানুষের নিরাপত্তারও ঝুঁকি তৈরি করছে। ইএম বাইপাস, ডায়মন্ড হারবার রোড, বিশ্ব বাংলা সরণি, যশোর রোড, সেক্টর ফাইভ ও অজয়নগরের মতো গুরুত্বপূর্ণ এলাকার রাস্তার বেহাল দশার কথাও আদালতে (Calcutta High Court) তুলে ধরা হয়। বৃষ্টি হলে জল ও গর্তের কারণে যান চলাচল আরও ব্যাহত হচ্ছে। উল্লেখ্য, শনিবার হাওড়ায় রাস্তার গর্তে টোটো উল্টে রমেশ নস্কর নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

ডোমজুড় থানার লক্ষ্মণপুরের বাসিন্দা রমেশ নস্কর পারিবারিক অনুষ্ঠানে দাসপুর গিয়েছিলেন। শনিবার বাড়ি ফেরার পথে ভাঙাচোরা রাস্তায় টোটো উল্টে গুরুতর আহত হন তিনি। মাথায় চোট লাগায় প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুনঃ জম্মু-কাশ্মীরে লুকিয়ে ৬০০ অবৈধ অনুপ্রবেশকারী! ১৫০ জনকে আনা হল বাংলায়

রমেশের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে। একই সঙ্গে বেহাল রাস্তা নিয়ে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। স্থানীয় টোটোচালকদের অভিযোগ, রাস্তার বড় বড় গর্তের কারণে যাতায়াত দুর্বিষহ হয়ে উঠেছে। অনেক সময় যাত্রী নামিয়ে গর্ত পার করতে হয় বা ঘুরপথে যেতে হয়। সকলের আশঙ্কা, দ্রুত রাস্তা মেরামত না হলে ভবিষ্যতে আরও দুর্ঘটনা ঘটতে পারে।

নিত্য ভোগান্তির শিকার আমজনতা

অফিসে যাতায়াতের পথে নিত্য হেনস্থার শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কলকাতা ও হাওড়ার বিভিন্ন উড়ালপুলের বেহাল দশার বিষয়টিও আদালতের নজরে আনা হয়। মামলায় টেকসই পদ্ধতিতে রাস্তা মেরামতির দাবি জানানো হয়েছে। কোন রাস্তা কবে এবং কীভাবে সারানো হবে, সেই পরিকল্পনাও সরকারকে জানাতে বলা হয়েছে।

google button