সহেলি মিত্র, কলকাতাঃ কলকাতা মেট্রোর (Kolkata Metro) পিঙ্ক লাইন নিয়ে অবশেষে সামনে এল বড় আপডেট। আর এরইসঙ্গে দীর্ঘ কয়েক বছরের অপেক্ষার অবসান ঘটতে চলেছে সাধারণ মানুষের বলে খবর। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, কলকাতা মেট্রোর পিঙ্ক লাইন অর্থাৎ বরানগর-ব্যারাকপুর রুটে কাজ শুরু হতে চলেছে বলে খবর। জানিয়ে রাখি, এই বরানগর-ব্যারাকপুর হল কলকাতা মেট্রোর পিঙ্ক লাইন (Baranagar-Barrackpore Metro) নামে পরিচিত। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।
মেট্রোর পিঙ্ক লাইন নিয়ে বড় আপডেট
বাংলায় সরকার বদল হতেই একাধিক প্রকল্প গতি পেয়েছে। বিভিন্ন সামাজিক, রেল প্রকল্পের পাশাপাশি এবার মেট্রো ব্যবস্থাতেও ডবল ইঞ্জিন সরকারের সুনজর পড়েছে বলে খবর। যেহেতু এখন কেন্দ্র ও রাজ্যে একই সরকার থাকবে, তাই মেট্রো এবং রেলের কর্মকর্তারা এমন প্রকল্পগুলির একটি তালিকা তৈরি করছেন যেগুলিকে হয় দ্রুত সম্পন্ন করা যায় অথবা বছরের পর বছর অপেক্ষার পর শুরু করা যায়। জানা গিয়েছে, প্রস্তাবিত পিঙ্ক মেট্রো লাইনে কামারহাটি, সোদপুর, খড়দা, টিটাগড় সহ মোট ১০টি স্টেশন থাকার কথা রয়েছে। প্রায় ১৩ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পটির কাজ দীর্ঘদিন ধরে থমকে ছিল। তবে এবার কাজ শুরু হতে চলেছে বলে খবর। এরইসঙ্গে কলকাতার সহ বাংলার বেশ কিছু অংশ আরও জুড়ে যাবে বলে আশা করা যাচ্ছে।
মূলত মেট্রো কর্তৃপক্ষের গলার কাঁটা ছিল টালা ট্যাঙ্ক এলাকার পুরনো দুটি পাইপলাইন। সেই পাইপলাইন সরানো বা পুনর্বিন্যাস না হওয়ায় কাজ এতদিন শুরু করা যায়নি। তবে সাম্প্রতিক একাধিক উচ্চপর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি কিছুটা এগিয়েছে বলে সূত্রের দাবি। কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এসএস কান্নান বললেন, ‘প্রজেক্ট রেডি হয়ে পড়ে আছে। টালা ট্যাঙ্কের পাইপলাইন কীভাবে নিরাপদ রেখে কাজ করা যায়, তা খতিয়ে দেখছে আরভিএনএল। কলকাতা পুরসভার সহযোগিতায় দ্রুত কাজ শুরু করার চেষ্টা চলছে।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই প্রকল্পের আপডেট নিয়েছেন বলে খবর।
পাইপলাইনে অরেঞ্জ, ইয়েলো লাইন
অরেঞ্জ লাইনের চিংড়িঘাটার জটিলতা অবশেষে মিটেছে। শুরু হয়েছে কাজ। বাইপাসের চিংড়িঘাটায় অরেঞ্জ লাইনের ভায়াডাক্টে ৩৬৬ মিটারের একটি ফাঁক রয়েছে, যা আসন্ন নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রো করিডোর (অরেঞ্জ লাইন)-এর একটি গুরুত্বপূর্ণ অনুপস্থিত সংযোগ। এই করিডোরটি বর্তমানে নিউ গড়িয়া এবং মেট্রোপলিটন (বেলেঘাটা স্টেশন)-এর মধ্যে চলে। সুপ্রিম কোর্টের আদেশের পর, বাস্তবায়নকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল) ২০২৫ সালের ২রা ফেব্রুয়ারি থেকে কংক্রিটের অংশগুলো তুলে ফাঁকটি পূরণ করার জন্য পুলিশের কাছে ট্রাফিক ব্লক চেয়ে আসছে। সেই কাজেও গতি এসেছে। চলছে দ্রুত গতিতে কাজ।
আরও পড়ুনঃ দালাল রাজ খতম! জমির মূল্য নির্ধারণে নতুন ডিজিটাল মডিউল চালু নবান্নর
এছাড়া নোয়াপাড়া ও বারাসাতকে সংযুক্ত করার লক্ষ্যে নির্মিত ইয়েলো লাইন, যা বর্তমানে নোয়াপাড়া ও বিমানবন্দরের মধ্যে চালু রয়েছে, সেটিও বিজেপি-শাসিত রাজ্য সরকারের অর্থায়নে এবার চালু হতে পারে। মাইকেল নগর পর্যন্ত নির্মাণকাজ চলছে এবং মাইকেল নগর থেকে বারাসাত পর্যন্ত ভূগর্ভস্থ লাইন সম্প্রসারণের জন্য রেলওয়ে বোর্ডে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদনটি এখনও বাকি রয়েছে।










