সহেলি মিত্র, কলকাতা: বাংলায় ক্ষমতায় আসতেই একেবারে সিদ্ধান্ত নিয়েই চলেছে নতুন সরকার। বিভিন্ন প্রকল্প থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক সংস্কারমূলক কাজ নিয়ে এগিয়ে চলেছে পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal)। এবার পশ্চিমবঙ্গের আইজিআর ও সিএসআর দফতরের পক্ষ থেকে বিভিন্ন দপ্তর, পর্ষদ, স্বায়ত্তশাসিত সংস্থা ইত্যাদির অ-নিবন্ধনমূলক সরকারি কাজে অস্থাবর সম্পত্তির আইজিআর মূল্য নির্ধারণের জন্য ভিএনআর (VNR) মডিউল চালু করা হয়েছে। এর ফলে জমির মূল্য নির্ধারণের দালাল রাজ শেষ হবে বলে আশাবাদী বিশিষ্ট মহল। এই নিয়ে নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তি অবধি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তি জারি নবান্নের
পশ্চিমবঙ্গ সরকার গত কয়েক বছর ধরে বিভিন্ন সরকারি দফতর, পাবলিক সেক্টর সংস্থা, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও পর্ষদগুলির প্রয়োজন অনুযায়ী আইজিআর মূল্য নির্ধারণ প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও কার্যকর করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করে আসছে।
এই প্রেক্ষিতে পূর্ববর্তী সমস্ত নির্দেশ বাতিল করে, আইজিআর মূল্যায়নকে আরও দক্ষ, স্বচ্ছ, অনলাইন ভিত্তিক এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সম্পন্ন করার উদ্দেশ্যে ‘ভ্যালুয়েশন ফর নন-রেজিস্ট্রেশন পারপাসেস’ (VNR) নামে একটি নতুন অনলাইন মডিউল চালু করা হয়েছে।
আইজিআর কী?
এখন আপনার মনে প্রশ্ন জাগতেই পারে আইজিআর কী? IGR হল একটি সরকারি কর্তৃপক্ষ যা ভারতে সম্পত্তি নিবন্ধন পরিচালনা এবং সরকারি জমি ও দলিলের রেকর্ড রক্ষণাবেক্ষণের কাজ দেখে। এটি স্ট্যাম্প ডিউটি সংগ্রহ, মালিকানার বিবরণ যাচাই এবং নিরাপদ দলিল নিবন্ধনের জন্য অনলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করে। সম্পত্তি নিবন্ধন রয়েছে এমন ব্যক্তিদের জমি, ফ্ল্যাট বা বাণিজ্যিক স্থানের মালিকানা আইনগতভাবে নথিভুক্ত করার সুযোগ দেয়। আইজিআর বিভাগ নথি যাচাই করে, স্ট্যাম্প শুল্কের সম্মতি আছে কিনা তা নিশ্চিত করে।
কীভাবে কাজ করবে নতুন সিস্টেম?
এই মডিউল পশ্চিমবঙ্গের রেজিস্ট্রেশন ও স্ট্যাম্প রেভিনিউ দফতরের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহার করা যাবে। ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ থেকে মূল্যায়ন পেতে হলে সংশ্লিষ্ট আবেদনকারী কর্তৃপক্ষকে VNR মডিউলে নির্ধারিত ফর্ম পূরণ করতে হবে এবং সিস্টেম-জেনারেটেড আবেদনপত্র যথাযথ মাধ্যমে জমা দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন সংস্থাগুলিকে প্রশাসনিক দফতরের মাধ্যমে ভায়া অর্থ দফতর হয়ে আবেদন পাঠাতে হবে।
আরও পড়ুনঃ রাজ্যের স্কুলে এবার ‘নো ব্যাগ ডে’! পড়ুয়াদের চাপ কমাতে কড়া পদক্ষেপ শিক্ষা দফতরের
বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্য রাজ্য বা কেন্দ্র সরকারের সংস্থাগুলিকে সরাসরি ইনস্পেক্টর জেনারেল অফ রেজিস্ট্রেশন ও কমিশনার অফ স্ট্যাম্প রেভিনিউ, পশ্চিমবঙ্গ-এর উদ্দেশ্যে আবেদন পাঠাতে হবে। VNR মডিউলের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) এই নির্দেশিকার সঙ্গে সংযুক্ত রয়েছে। এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে।
- আবেদনের জন্য আগে https://igr.wb.gov.in/ ওয়েবসাইট লিঙ্কে ক্লিক করতে হবে।
- এরপর Non Registration Services অপশনে ক্লিক করতে হবে।
- এরপরে যে ধাপগুলি আছে সেগুলি আপনাকে বুঝেশুনে পূরণ করতে হবে।










