আনিষা চৌধুরী, কলকাতা: দুর্গাপুজোর (Durga Puja) আগে শহরকে পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে গিয়ে বিজ্ঞাপনের (Advertisement) ভাষা নিয়েই বিতর্কে জড়াল কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)। পুরসভার প্রচারমূলক পোস্টারে লেখা হয়েছে ‘মায়ের করব স্বচ্ছতা সে স্বাগত’। বাক্যটিকে ঘিরে আপত্তি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বাংলা ও হিন্দি ভাষা এমন অদ্ভুত ভঙ্গিতে মিশিয়ে তৈরি এই বাক্যের গঠন নিয়েই মূলত প্রশ্ন উঠেছে।
স্বচ্ছতার বাণী দিতে গিয়ে বিপাকে পৌরসভা
পরিচ্ছন্নতাকে প্রাধান্য দিতে গিয়ে ভাষাজ্ঞান হারিয়ে ফেলেছে পৌরসভা? দাবি তুলছেন সাধারণ মানুষ। বিষয়টিকে অন্যভাবেও লেখা যেত, এমন ভাষা কেন ব্যবহার করা হল, তা নিয়েই শুরু হয়েছে সমালোচনা। বাংলা ভাষার স্বাভাবিক প্রয়োগের বদলে অন্য ভাষার শব্দ ও বাক্যগঠনের মিশ্রণ থাকায় পোস্টটি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন কুণাল ঘোষ।
এই বিজ্ঞাপনের ভাষা নিয়ে সরব হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে পোস্টটি নিয়ে সমালোচনা করেন তিনি। দুর্গাপুজোর মতো বাংলার সাংস্কৃতিক আবহের সঙ্গে যুক্ত একটি প্রচারে ভাষার এমন ব্যবহার? এই বিষয়গুলি নিয়ে কি মজা করা সাজে? প্রশ্ন তৃণমূল নেতার। তিনি তার এক্স হ্যান্ডেল এক্স লিখেছেন, “এটা কী? এটা বাংলা? ইয়ার্কি হচ্ছে???? বিজেপি আর কত অপসংস্কৃতি বাংলার উপর চাপাবে? বাংলাকে আর কত বিকৃত করবে? অবিলম্বে এসব ডিলিট করুন। পরিবর্তন করুন। ঠিকঠাক বাংলা লিখুন। পুরসভার এখন যা হাল, এই লেখাটার মতই খারাপ।”
আরও পড়ুন: “শান্তিপূর্ণ জমায়েতে বেআইনিভাবে আটক নয়” দিল্লি কাণ্ডে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের
অন্যদিকে, কলকাতা পুরসভার এই পোস্টারকে কেন্দ্র করে বাংলা ভাষার ব্যবহার এবং হিন্দির প্রভাব নিয়ে রাজনৈতিক তরজাও সামনে আসে। সরকারি প্রচারে বাংলা ভাষার যথাযথ প্রয়োগ কতটা জরুরি, সেই প্রশ্নও উঠে আসে বিতর্কের সূত্র ধরে। বিতর্ক বাড়তেই পুরসভা নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে সংশ্লিষ্ট পোস্টটি সরিয়ে নেয়।










