জমজমকপূর্ণ হবে মহালয়ার অনুষ্ঠান, মঙ্গল থেকেই রেড রোডে বন্ধ যান চলাচল

Published:

Red Road Closed

অনন্যা সরকার, কলকাতা: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। এরপরই বাঙালির শ্রেষ্ঠ পুজো (Durga Puja 2026)। রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এটিই প্রথম দুর্গাপুজো। কলকাতা ও জেলায় জেলায় মানুষ এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। তবে সরকার পরিবর্তনের সাথে সাথে পুজো উপলক্ষে বেশ কিছু নতুন নিয়মও দেখতে চলেছেন কলকাতাবাসী। নিরাপত্তাজনিত কারণে দুর্গাপুজো চলাকালীন কলকাতার বেশ কয়েকটি রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। যেহেতু গোটা কলকাতা দূর্গাপুজোর প্রস্তুতি নিচ্ছে, তাই এই উৎসবের কয়েকদিন সাধারণ মানুষকে যানজটের সম্মুখীন হতে হচ্ছে। তাছাড়া, মহালয়া উপলক্ষ্যে ইডেন গার্ডেন্সে একটি জাঁকজমকপূর্ণ বিশেষ উৎসবের আয়োজন করা হয়েছে। সেই কারণে মঙ্গলবার থেকেই রেড রোডে (Red Road) যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে ঘোষণা করলো পুলিশ। 

মহালয়ার তিন দিন আগেই বন্ধ রেড রোড 

মঙ্গলবার কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে যে, এদিন (৬ অক্টোবর) রাত ১০টা থেকেই রেড রোড বন্ধ থাকবে। ১১৫, ১১৭, ১২২ ও ১২৬ ধারা এবং কলকাতা পুলিশ আইন ও ক্যালকাটা সাবার্বান পুলিশ অ্যাক্ট মেনে পুলিশ মঙ্গলবার থেকেই রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করছে। এই নিয়ম কার্যকর থাকবে ১০ অক্টোবর মধ্যরাত, বা ১১ অক্টোবর ভোর পর্যন্ত। পুলিশের তরফে জানানো হয়েছে যে, মহালয়ার অনুষ্ঠান সম্পর্কিত বিভিন্ন কাজ, যেমন সাজানোর সরঞ্জামের পরিবহন করা, অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা, আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা ও অনুষ্ঠান শেষে সমস্ত সরঞ্জাম খুলে সরিয়ে ফেলার কাজগুলি যাতে সহজভাবে করা যায়, সেই কারনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে সম্পূর্ণ অনুষ্ঠানটি নিরাপদে ও নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।

খিদিরপুর রোড হয়ে উত্তরমুখী যানবাহনগুলিকে প্রয়োজন অনুযায়ী ডাফরিন রোড ও আউট্রাম রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হতে পারে। একইভাবে, আর.আর. এভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস ইস্ট হয়ে দক্ষিণমুখী যানবাহনগুলিকে দরকারে মেয়ো রোড ও ডাফরিন রোডের দিকে ঘুরিয়ে দিতে পারে ট্রাফিক পুলিশ।

আরও পড়ুন: জিটি রোডে নিষিদ্ধ, বিকল্প পথ হিসেবে এবার হাওড়া ব্রিজেই চলছে টোটো!

মঙ্গলবার রাত থেকে শুরু করে ১১ তারিখের সকাল পর্যন্ত, সাধারণ মানুষের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে কর্তব্যরত ট্রাফিক পুলিশরা প্রয়োজন মনে করলে যেকোনো রাস্তা বা সংযোগকারী সড়কে থেকে যানবাহন অন্য পথে ঘুরিয়ে দিতে পারেন। এদিন পুলিশের জারি করা নিষেধাজ্ঞাগুলির পাশাপাশি সব যানবাহনকে অবশ্যই সাধারণ ট্রাফিক আইন মেনে চলতে বলা হয়েছে, এই নিয়মগুলোর ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। 

অন্যদিকে, ইডেন গার্ডেন্সে আয়োজিত মহালয়ার জমকালো অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহের উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছিল। কিন্তু সর্বশেষ খবর অনুযায়ী, অনুষ্ঠানটি পূর্বঘোষণা অনুযায়ীই আয়োজিত হলেও, সেদিন কলকাতার ওই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী – উভয়ই অনুপস্থিত থাকবেন। তবে তাঁরা না আসলেও, ইডেনের এই অনুষ্ঠানে রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা যোগ দেবেন। রাজ্যের সব মন্ত্রীকে ওই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকতে বলা হয়েছে।

google button