জিটি রোডে নিষিদ্ধ, বিকল্প পথ হিসেবে এবার হাওড়া ব্রিজেই চলছে টোটো!

Published:

Toto on Howrah Bridge

অনন্যা সরকার, হাওড়া: টোটোর (Toto) দৌরাত্ম্যে নাজেহাল হয়ে পড়েছিলেন বাস, পণ্যবাহী গাড়িচালক থেকে সাধারণ পথচারীরা। জাতীয় সড়ক ও রাজ্য সড়কে টোটো নিয়ে চালকরা অবাধে যাতায়াত করতেন। যত্রতত্র গজিয়ে ওঠা টোটো স্ট্যান্ড ও অনুমতিহীন ই-রিক্সাগুলির আধিক্য প্রশাসনেরও মাথাব্যথার কারণ হয়ে উঠেছিল। তাই রাজ্য সরকারের তরফে নির্দেশিকা জারি করে জাতীয় এবং রাজ্য সড়কগুলিতে টোটো চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর ফলে, জিটি রোড এবং আন্দুল রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কগুলিতে টোটো আর উঠতে পারছে না। সঙ্গে রয়েছে কড়া পুলিশি পাহারা। কিন্তু সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও হঠাৎই ছড়িয়ে পড়েছে (Viral Video), যেখানে দেখা যাচ্ছে একাধিক টোটো হাওড়া ব্রিজের (Howrah Bridge) ওপর চলাচল করছে। এই ঘটনাটি প্রকাশ্যে আসার পরই তুমুল চর্চা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। টোটোগুলো কীভাবে হাওড়া ব্রিজে উঠল, সেই প্রশ্নই এখন সকলের মুখে। 

কীভাবে পৌঁছালো হাওড়া ব্রিজের ওপর টোটো?

হাওড়া ব্রিজের মত অত্যন্ত ব্যস্ত গুরুত্বপূর্ণ সেতুতে টোটো বা ই-রিক্সার মতো ধীরগতির যান একেবারেই নিষিদ্ধ। সম্প্রতি জাতীয় ও রাজ্য সড়কেও চলছে কড়াকড়ি। তার মধ্যেই দুটি টোটোকে দেখা গেল হাওড়া ব্রিজের ওপরে। কীভাবে ব্যাটারি-চালিত তিন চাকার যানগুলি উঠলো রবীন্দ্র সেতুতে তাই নিয়েই চলছে এখন জোর জল্পনা। টোটো চালকরাই গাড়ি চালাতে চালাতে ভিডিওটি রেকর্ড করেছেন। এই ঘটনায় হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ড-এর ভূমিকা নিয়ে হচ্ছে প্রশ্ন।  

প্রসঙ্গত, সাম্প্রতিক যানজট ও নিরাপত্তারজনিত কারণে গত ৭ আগস্ট পরিবহণ দপ্তরের পক্ষ থেকে ডিজিপি (DGP)-কে চিঠি দিয়ে জিটি রোড, জাতীয় ও রাজ্য সড়ক এবং বড় বাস রুটগুলিতে টোটো বা ই-রিক্সা চলাচল সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার নির্দেশিকা কড়াভাবে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়।

আরও পড়ুন: চালু হল গাদিয়াড়া থেকে বিষ্ণুপুর যাওয়ার বাস, জেনে নিন রুট ও সময়সূচি

সরকারের তরফে জারি করা এই নির্দেশিকা অনুসারে, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড (GT Road) এবং প্রধান বাস রুটগুলিতে টোটো আর চলাচল করতে পারবে না, যার ফলে হাওড়া সহ একাধিক জেলায় কঠোর পুলিশি নজরদারি শুরু হয়েছে। জিটি রোডে টোটোর সংখ্যা বৃদ্ধি এবং যত্রতত্র সেগুলি থামানোর অভ্যাস মারাত্মক যানজটের সৃষ্টি করছিল এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কাও বাড়াচ্ছিল। রাজ্য পরিবহন বিভাগ পুলিশকে কঠোর নির্দেশ দিয়েছে, যাতে কোনো অবস্থাতেই বাস রুট বা ব্যস্ত রাস্তাগুলিতে টোটো চলাচল করতে না দেওয়া হয়। এগুলিকে রুখতে তাই জিটি রোড এবং আন্দুল রোডের মতো হাওড়ার গুরুত্বপূর্ণ সড়কগুলিতে পুলিশের পাহারা ও নজরদারি বেড়েছে। এত কড়া পাহারা সত্ত্বেও হাওড়া ব্রিজ এ কি করে টোটো চলাচল করছে, তাই নিয়ে ধন্ধে মানুষ। 

 

google button