অভিনেতা রাহুলের পর দীঘার সমুদ্রে তলিয়ে মৃত্যু কলকাতার আরেক বাসিন্দার

Published:

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই সমুদ্রে তলিয়ে গিয়েছিলেন বাঙালি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Banerjee)। পরে মিলেছিল মরদেহ। সেই রেশ এখনও কাটিয়ে উঠতে পারেননি অনুগামীরা। এরই মাঝে দীঘার (Digha)  সমুদ্রে স্নান করতে গিয়ে তলিয়ে প্রাণ হারালেন এক যুবক। জানা যাচ্ছে, আজ অর্থাৎ শনিবার দুপুরে সমুদ্রে নামতে গিয়ে তলিয়ে যান তিনি। পরবর্তীতে স্থানীয়দের তৎপরতায় যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়। যে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পার্শ্ববর্তী এলাকাতেও।

কীভাবে মৃত্যু হল যুবকের?

সূত্রের খবর, মৃত যুবকের নাম চিরঞ্জিত সরকার। তিনি কলকাতার বাগুইহাটির বাসিন্দা। জানা গিয়েছে, প্রচন্ড গরমের কারণে সপ্তাহের শেষে ছুটি কাটাতে দীঘায় গিয়েছিলেন তিনি। সেই মতোই দীঘর সবচেয়ে বড় দর্শনীয় স্থান জগন্নাথ মন্দির ঘুরে দেখার পর সমুদ্রে স্নান করতে নেমেছিলেন চিরঞ্জিত। জানা যায়, দুপুরের দিকে সমুদ্রে নামতেই ঢেউয়ের তোরে তলিয়ে যান কলকাতার ওই পর্যটক।

সমুদ্রের পাড়ে উপস্থিতরত সকলের তৎপরতায় তড়িঘড়ি ওই ব্যক্তিকে জল থেকে উদ্ধার করার চেষ্টা করেন অনেকেই। তবে শেষ পর্যন্ত চিরঞ্জিতকে সমুদ্র থেকে উদ্ধার করা গেলেও প্রাণে বাঁচানো যায়নি। পরবর্তীতে চিরঞ্জিতের দেহ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর মৃত্যু নিশ্চিত করেন। এরপরই যুবকের দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

সম্প্রতি দীঘায় অভিনেতা রাহুলের সমুদ্রের জলে ডুবে মৃত্যুর পরই তৎপর হয় প্রশাসন। পর্যটকদের বারবার সতর্ক করা হচ্ছে যথেষ্ট সাবধানতার সাথে জলে নামতে। তবে বাস্তব অভিজ্ঞতা, দীঘায় ঘুরতে যাওয়া বহু পর্যটক সামরিক আনন্দের মুহূর্তে একেবারে অসতর্ক হয়েই জলে নেমে পড়েন। আর এই সতর্কতার অভাবের কারণে দিন দিন দীঘার সমুদ্র সৈকতে বাড়ছে মৃতের সংখ্যা।

অবশ্যই পড়ুন: তুলসীর শিকড় বদলাবে ভাগ্য! এভাবে দরজায় ঝুলিয়ে দিন, মিলবে আর্থিক লাভ

কলকাতার পর্যটক চিরঞ্জিতের মৃত্যুর পর ফের নড়েচড়ে বসেছে প্রশাসন। পর্যটকদের বারবার করে সতর্ক করা হচ্ছে তাঁরা যেন সব রকম সাবধানতা অবলম্বন করেই সমুদ্রের জল গায়ে লাগান। শুধু তাই নয়, প্রশাসনের তরফে মাইকিং করে বলা হচ্ছে খুব প্রয়োজন না হলে জলে নামার দরকার নেই। কিন্তু তাও হুঁশ ফিরছে না পর্যটকদের! এখন দেখার কলকাতার পর্যটকের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে প্রশাসন বড় কোনও পদক্ষেপ নেয় কিনা।