পাঠ্যবইতে ‘রংধনু’র বদলে করা হোক ‘রামধনু’, বিধানসভায় জোরাল দাবি সন্তু পানের

Published:

Santu Pan

সৌভিক মুখার্জী, কলকাতা: অবসান ঘটেছে ১৫ বছরের তৃণমূল অপশাসনের। রাজ্যে এখন প্রতিষ্ঠিত হয়েছে রাম রাজত্বের বিজেপি সরকার (Government of West Bengal)। ইতিমধ্যেই প্রথম বাজেট পেশ করেছে রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আর সেই বাজেট নিয়েই এদিন বিধানসভায় বক্তব্য রাখেন রাজ্যের বিধায়করা। কিন্তু আপনি কি জানেন, বৃষ্টির পর রোদ উঠলে আকাশে যে সাতরঙা বর্ণচ্ছটা চোখে পড়ে সেটার পোশাকি নাম রংধনু নাকি রামধনু (Rainbow)? বিগত সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস পাঠ্য বইগুলিতে এটিকে রংধনু বলেই চালাত। তবে এর আসল উচ্চারণ রামধনু। বিধানসভায় দাঁড়িয়ে পাঠ্যবইতে সেই বানান সংশোধনেরই দাবি জানালেন বিজেপির বিধায়ক সন্তু পান (Santu Pan)।

রামধনু নাকি রংধনু, কোনটি আসল উচ্চারণ?

আসলে বাংলাদেশে এই সাতরঙা বর্ণচ্ছটা রংধনু হিসাবেই প্রচলিত। কিন্তু এপার বাংলা অর্থাৎ পশ্চিমবঙ্গে এটি রামধনু হিসেবে প্রচলিত। তবে বিগত সরকার ষষ্ঠ শ্রেণির পাঠ্যপুস্তকে বর্ণালীর বিজ্ঞান ব্যাখ্যা করতে গিয়ে রংধনু শব্দটি ব্যবহার করেছে রামধনুর জায়গায়। এ নিয়ে আগের সরকারের আমলে বিরোধীরা সুর চড়িয়েছিলেন। কিন্তু সেই সমস্যার সমাধান হয়নি। এবার রাজ্যে নতুন সরকার। সেই সূত্রে বিধানসভায় এই ভুল বানান সংশোধনেরই দাবি জানালেন তারকেশ্বরের সদ্য নির্বাচিত বিধায়ক সন্তু পান।

এদিন বিধানসভায় দাঁড়িয়ে বিজেপির বিধায়ক বলেন, “আমাদের কাছে অনেকেই দাবি জানিয়েছে যে পাঠ্যপুস্তকে রামধনু শব্দ ফিরিয়ে আনা হোক। আমাদের সংস্কৃতি আমাদের শেখায় রামধনুকে রামধনু বলতে, রংধনু নয়। আগের সরকার তোষণ করতে গিয়ে এই শব্দটিকে রংধনু করে দিয়েছে। শিক্ষামন্ত্রীরা যাতে আবারও ভারতীয় সংস্কৃতি মেনে রামধনুকে ফিরিয়ে নিয়ে আসে সেই অনুরোধই করব আমি।” এমনকি রামধনু নাম ফিরিয়ে আনার পাশাপাশি রাজ্য সরকারের বাজেট নিয়ে এদিন ভুয়সী প্রশংসা করেছেন সন্তু পান।

আরও পড়ুন: অবশেষে সুদের হার বাড়াচ্ছে RBI? জানিয়ে দিলেন সঞ্জয় মালহোত্রা

আসলে এই রংধনু শব্দটি বাংলাদেশে প্রচলিত হলেও সীমান্তের এপারে সম্পূর্ণ অপরিচিত তা বলা যায়। কিন্তু বিগত সরকার জোরপূর্বক এই শব্দ সিলেবাসে অন্তর্ভুক্ত করে। এ বিষয়ে তৎকালীন সময়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অধ্যাপক শেখ রফিকুল হোসেন জানিয়েছিলেন, বাংলাদেশে যদি রামধনুর বদলে রংধনু করা হয়ে থাকে তাহলে সেটা হয়তো রামকে সরিয়ে ইসলামীকরণ করার চেষ্টা। কিন্তু পশ্চিমবঙ্গের ডিকশনারিতে রামধনুটা প্রচলিত। রংধনু একেবারে অপরিচিত শব্দ। আর এবার সেই দাবিই বিধানসভায় তুলে ধরলেন বিজেপির বিধায়ক। এখন দেখার, রাজ্য সরকার এ বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয় কিনা।