সহেলি মিত্র, কলকাতাঃ বিধানসভা ভোটের ফলাফল বেরোতে আর ৩ দিন বাকি। বাংলায় কে সরকার গড়বে, সেই অপেক্ষায় রয়েছেন সকলে। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে সকলের। কোনওরকম খামতি রাখছে না বিদায়ী সরকার তৃণমূলও। তবে এসবের মাঝেই রাজ্য সরকারি কর্মীদের তরফে নতুন করে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উদ্দেশ্যে। ইস্যু সেই মহার্ঘ্য ভাতা বা ডিএ (Dearness allowance)।
DA নিয়ে সরকারকে ডেডলাইন বেঁধে দিলেন সরকারি কর্মীরা
ফেসবুকে নতুন করে বিস্ফোরক মন্তব্য করেছেন DA মামলাকারী তথা অবসরপ্রাপ্ত কর্মচারী মলয় মুখোপাধ্যায়। তিনি সরকারকে নতুন করে ডেডলাইন বেঁধে দিলেন। কীসের ডেডলাইন? আগামী ৩ দিনের মধ্যে রাজ্য বাজেটে ঘোষণা করা ৪ শতাংশ ডিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি করার বার্তা দিয়েছেন। চলতি বছরের রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল ১ এপ্রিল থেকে সরকারি কর্মীদের ৪ শতাংশ বাড়তি ডিএ দেওয়ার। এদিকে এপ্রিল মাস কেটে গেলেও সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢোকেনি বাড়তি কোনো টাকা। কবে সেই বকেয়া দেওয়া হবে বা আদৌ দেওয়া হবে কিনা সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন সকলে। এরই মাঝে বোমা ফাটালেন মলয় মুখোপাধ্যায়।
আরও পড়ুনঃ দিনে ১৫ মিলিয়ন ব্যারেল তেল যায় চিনের, সেই পথেই ৩ যুদ্ধ জাহাজ মোতায়েন ভারতের!
তিনি ফেসবুকে লেখেন, ‘মাননীয়া সামনের তিন দিনের মধ্যে আপনার যে কাজগুলি করা উচিৎ তার প্রথমটি হল ৪% ডিএ-র নোটিফিকেশন এবং তা এপ্রিল থেকে কার্যকর করার নির্দেশ জারি করা। দ্বিতীয়ত হল গ্র্যান্ট ইন এইড কর্মীদের বকেয়া ডিএ-র নির্দেশ জারি করা এবং তৃতীয়ত হল কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া ডিএ-র ক্যালকুলেশন অর্থ দফতর যাতে অবিলম্বে কার্যকর করে তা ব্যাঙ্কগুলিতে পাঠিয়ে দেয় তার ব্যবস্থা করা।’
কী বলছেন সাধারণ মানুষ?
এদিকে মলয় মুখোপাধ্যায়ের এই পোস্ট নিয়ে অনেকে অনেক মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘৩ দিনের মধ্যে?? দুরাশা! আপনিও জানেন অসম্ভব ব্যাপার। তবে কেন বললেন —খানিকটা আন্দাজ করতে পারছি। এক্সিট পোল এফেক্ট হলেও হতে পারে।’ অপর একজন লিখেছেন, ‘Grant in Aid এর বেতন / পেনশন প্রাপ্তরা কি সরকারি কর্মচারীদের মতো Legally Enforceable right হিসেবে বকেয়া ডিএ পাবেন, নাকি দয়ার দান হিসেবে এটা পাবেন, বিষয়টা পরিষ্কার করুন।’ আরও একজন লিখেছেন, ‘আরে আরো পাঁচ বছর এর আন্ডারেই থাকতে হবে এই ভেবে কথাবার্তা বলুন।’










