প্রীতি পোদ্দার, কলকাতা: রাজ্যে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness allowance) জট যেন কিছুতেই কাটছে না। চলতি বছর অন্তর্বর্তী বাজেটেই ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার (Government Of West Bengal)। কিন্তু সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। এনিয়ে নানা জল্পনাও শুরু হয়েছে কর্মীদের মধ্যে। এই প্রেক্ষাপটে রাজ্যের কর্মচারীদের মধ্যে প্রশ্ন উঠছে, ঘোষিত ডিএ কবে কার্যকর হবে। এমতাবস্থায় দৈনিক বেতন প্রাপ্ত কর্মীদের DA বৃদ্ধির সঙ্গে বেতন বৃদ্ধির (Wages for Daily Workers) দাবি তুললেন কফেডারেশন অফ ষ্টেট গভরমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
DA নিয়ে ফের চর্চা কর্মীদের
সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার পর পশ্চিমবঙ্গে ডিএ নিয়ে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোনারপুরের এক জনসভা থেকে জানিয়ে দেন, বাজেটে ঘোষিত আরও ৪ শতাংশ DA খুব শীঘ্রই কার্যকর করা হবে। এরপরই নবান্নের তরফে বলা হয়, আগামী কয়েক দিনের মধ্যেই রাজ্যের অর্থ দফতর এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করতে পারে। আর এসবের মাঝে দৈনিক বেতনপ্রাপ্ত কর্মীদের জন্য বেতন বৃদ্ধির দাবি তুললেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
দৈনিক মজুরি বৃদ্ধির দাবি
গতকাল অর্থাৎ রবিবার সম্পাদক মলয় মুখোপাধ্যায় তাঁর ফেসবুকে দৈনিক বেতনপ্রাপ্ত কর্মীদের উদ্দেশে একটি পোস্ট করেছিলেন। যেখানে তিনি লেখেন, “ DA বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনাদের মজুরি বৃদ্ধি পায়। তাই সে অনুযায়ী একটি অর্ডার এখানে আমরা প্রকাশ করেছি। লক্ষ্য করলে দেখবেন, যে ২০১৮ সালের ১ জানুয়ারি যে ১৫ শতাংশ DA বৃদ্ধি হয়েছ সেই অনুযায়ী আপনাদের দৈনিক মজুরি ৩২ টাকা বৃদ্ধি ঘটেছে। তাই আপনাদের কাছে অনুরোধ এই বিষয়ে একটি তালিকা তৈরি করে আপনাদের নিজ নিজ দপ্তরের প্রধানকে জানিয়ে বকেয়া মজুরি দাবি করুন।”
আরও পড়ুন: ঋণ করে পড়ান চা ওয়ালা বাবা, প্রথমে ইঞ্জিনিয়ার পরে UPSC ক্র্যাক করে IAS হন ছেলে
পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের মধ্যে ডিএ নিয়ে ক্ষোভ রয়েছে বহু দিন ধরে। শুরু থেকেই কেন্দ্রীয় হারে DA দেওয়ার দাবি জানিয়ে আসছেন এ রাজ্যের কর্মীরা। মামলা গড়িয়েছে আদালত পর্যন্ত। কিন্তু রাজ্য সরকার বার বার দাবি করেছে, ডিএ বাধ্যতামূলক নয়। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা এখন ২২ শতাংশ হারে ডিএ পান। DA বৃদ্ধির ঘোষণার আগে পর্যন্ত ডিএ-র ফারাক ছিল ৩৬ শতাংশ। কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের DA দুই শতাংশ বৃদ্ধির ফলে সেই ফারাক বেড়ে হল ৩৮ শতাংশ। এ দিকে এপ্রিল মাস শেষ হওয়ার মুখে। এখনও বিজ্ঞপ্তি জারি না হওয়ায় তা পাওয়া নিয়ে সন্দিহান হয়ে উঠছেন রাজ্য সরকারি কর্মচারীরা।










