বিক্রম ব্যানার্জী, কলকাতা: সদ্য প্রয়াত তৃণমূল (Trinamool Congress) নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ফেরত দিলেও বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া রবীন্দ্রনাথের 19টি বই রাজ্যে পালাবদলের পর ফেরতই দেননি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই অভিযোগ তুলেছেন খোদ গ্রন্থাগারের কর্মীরা। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবীন্দ্রনাথ রচনাবলীর 18 খন্ড এবং সঞ্চয়িতার মতো পুস্তক নিয়েও তা ফিরিয়ে দেননি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। আর তাতেই বেশ সমস্যার মধ্যে পড়েছেন গ্রন্থাগারের কর্মীরা।
কেন বইগুলি ফেরত দেননি মমতা বন্দ্যোপাধ্যায়?
ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভরাডুবি দেখেছে তৃণমূল কংগ্রেস। গোটা রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হওয়ার পাশাপাশি নিজের কেন্দ্র থেকেও হেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন বিধানসভার গ্রন্থাগার থেকে রবীন্দ্রনাথের 19টি বই পড়ার জন্য নিয়েছিলেন। কমবেশি সকলেরই জানা, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর লেখালেখি, ছবি আঁকা এবং সাহিত্যের প্রতি একটা আলাদা টান রয়েছে। কিন্তু এহেনে একজন মানুষ ক্ষমতা হারানোর পরেও কেন বিধানসভার গ্রন্থাগার থেকে নেওয়া বইগুলি ফিরিয়ে দিলেন না তা নিয়ে উঠছে প্রশ্ন।
প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিধানসভার সদস্য পর্যন্ত নন। তাহলে কোন অভ্যাসের কারণে রবীন্দ্রনাথের বই নিজের কাছে আটকে রেখেছেন তিনি? কয়েকটি সূত্র মারফত খবর, দিনের পর দিন বই ফেরত না পেয়ে বাধ্য হয়ে বিধানসভার গ্রন্থাগারের কর্মীরা যোগাযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তবে মমতা একেবারে সাফ জানিয়ে দিয়েছিলেন, রবীন্দ্রনাথের বইগুলি তাঁর বাড়িতে নেই। বরং রয়েছে বিধানসভায় মুখ্যমন্ত্রীর নিজস্ব চেম্বার। যেই চেম্বার কিনা এখন শুভেন্দু অধিকারীর দখলে!
হিসেব বলে, বিধানসভায় মুখ্যমন্ত্রীর চেম্বারে বইগুলি থাকা সত্ত্বেও সেই সব বই যতদিন না পর্যন্ত আনুষ্ঠানিকভাবে গ্রন্থাগারে ফিরে যায়, ততদিন সেগুলিকে ফিরিয়ে নেওয়া হয়েছে বলে গণ্য করা হবে না। এদিকে, গ্রন্থাগারের কর্মীরা যে মুখ্যমন্ত্রীর চেম্বারে ঢুকে বইগুলি নিয়ে আসবেন সেই অধিকারও তাঁদের নেই। এমতাবস্থায়, মমতার নেওয়া বই নিয়ে বেশ সংকটের মধ্যে কর্মীরা। কীভাবে গ্রন্থাগার থেকে বেরিয়ে যাওয়া বইগুলি ফিরিয়ে আনা যায় তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে আলোচনা।
আরও পড়ুন: স্ত্রী, সন্তান সহ অবসরপ্রাপ্ত শিক্ষকের পরিবারের ৪ জনকে খুন! বাংলাদেশে ফের হিন্দু হত্যা
উল্লেখ্য, একইভাবে বিধানসভার প্রাক্তন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের নামেও 12টি বহু মূল্যবান বই ইস্যু করা হয়েছিল গ্রন্থাগার থেকে। তবে বিমান বাবু বর্তমানে স্পিকার না থাকলেও ওই বইগুলি রয়েছে বর্তমান স্পিকারের দপ্তরে। সে কারণেই নির্দিষ্ট অধিকার বা ক্ষমতা বলে স্পিকারের ঘরে ঢুকতে না পারায় বইগুলিও ফিরিয়ে আনতে পারছেন না গ্রন্থাগার কর্মীরা।










