CAA-তে আবেদন না করলে… মতুয়াদের সরকারি সুবিধা পাওয়া নিয়ে বড় বয়ান খাদ্যমন্ত্রীর

Published:

Ashok Kirtania

সৌভিক মুখার্জী, কলকাতা: পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে জলঘোলা কম হয়নি। লক্ষ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। এর মধ্যে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে মতুয়ারা। তবে তাদের নাগরিকত্ব নিয়ে এবার বড় কথা শোনালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। এদিন এক জনসভা থেকে তিনি স্পষ্ট বলেছেন, যে সমস্ত মতুয়ার (Matua) নাম বাদ গিয়েছে তারা দ্রুত সিএএ-তে আবেদন করুন। নাহলে সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন।

মতুয়াদের নাগরিকত্ব ফেরানো নিয়ে তৎপর অশোক কীর্তনীয়া

এবার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়লাভ করেছেন অশোক কীর্তনীয়া। বিধায়কের পাশাপাশি রাজ্যের খাদ্যমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে তাঁর কাঁধেই। পাশাপাশি রাজ্যের মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি করা হয়েছে তাঁকেই। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেই গুরু দায়িত্ব নিজেই দিয়েছেন। ক্ষমতায় বসেই অ্যাকশন মুডে অশোক কীর্তনীয়া। ইতিমধ্যেই রেশন দুর্নীতি থেকে শুরু করে খাদ্য ব্যবস্থা সহ অন্যান্য পরিকাঠামগত উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছেন তিনি। এবার মতুয়াদের নিয়ে বড় কথা শোনালেন মন্ত্রী।

শনিবার তেহট্ট থানার বেতাই নতুনপাড়া খেলার মাঠে এক সংবর্ধনা সভায় অংশগ্রহণ করেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী। সেখানে তিনি স্পষ্ট বলেন, ১৯৪৭ সালে স্বাধীনতার সময় আমাদের সমাজকে দূরে সরিয়ে দিয়েছিল। এখানে তিনি ‘আমাদের’ বলতে মতুয়াদের কথাই বোঝাতে চেয়েছেন। তবে তাঁর বক্তব্য, বিজেপি সরকার আসার পর মতুয়া সমাজ আবারও তাদের জায়গা ফিরে পাচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মতুয়া সমাজের জন্য নতুন করে ভাবনা শুরু করেছেন।

আরও পড়ুন: চাকরির নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ! অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে ফের FIR

তাঁর সংযোজন, “এবারের এসআইআর-এ যাদের নাম বাদ পড়েছে তারা দ্রুত সিএএ-তে আবেদন করুন। না হলে সমস্ত রকম সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হবেন। নাগরিকত্বের জন্য আবেদন করা বাঞ্ছনীয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাকে নিজে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধি বানিয়েছেন। আমি চাই মতুয়া সমাজের ছেলেমেয়েরাই উচ্চশিক্ষিত হয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার হোক। সেই জন্য সকলকে শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে। মতুয়ারা আমাদেরকে ঢেলে ভোট দিয়েছে।” এমনকি তিনি বলেন, “প্রধানমন্ত্রীর অন্ত্যদয় যোজনার কার্ড পাওয়ার যারা যোগ্য অথচ তৃণমূলের রাজনীতির জন্য পাননি, সেগুলি আমরা খতিয়ে দেখব এবং সমস্ত তথ্য যাচাই করেই তাদেরকে এই কার্ড দেওয়া হবে।”