পুজোয় একই টাইমে চলবে মেট্রো ও লোকাল ট্রেন, ভিড় সামলাতে বিরাট উদ্যোগ পূর্ব রেলের

Published:

Local Train and Metro schedules

অনন্যা সরকার, কলকাতা: পুজোর (Durga Puja) দিনগুলোতে লক্ষ লক্ষ মানুষ হাওড়া ও শিয়ালদহ – এই দুই ব্যস্ততম রেল স্টেশন দিয়ে যাতায়াত করেন। আর এখন দুটি স্টেশনের মধ্যে মেট্রো রেল (Kolkata Metro) সংযোগও রয়েছে, তাই মেট্রোতেও মানুষের ঠাসাঠাসি ভিড়। আর পুজো যত এগিয়ে আসবে এই ভিড় যে আরও বাড়বে, তা বলাই বাহুল্য। পূজার মরসুমে হাওড়া স্টেশনে যাত্রীদের অতিরিক্ত চাপ সামলাতে, পূর্ব রেল কর্তৃপক্ষ (Eastern Railway) এবার মেট্রো এবং লোকাল ট্রেনের (Local Train) পরিষেবার সমন্বয় ঘটানোর পরিকল্পনা করেছে। রেলের তরফে জানানো হয়েছে যে, পূজার মরসুমে মেট্রো রেল যাত্রীদের যেন লোকাল ট্রেনের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে না হয় এবং তাঁরা যেন সহজেই বিভিন্ন মণ্ডপে পৌঁছাতে পারেন – তার জন্যই এই বিশেষ ব্যবস্থা করা হচ্ছে।

পুজোর ভিড়ে যাতায়াত সহজ করতে রেলের নয়া উদ্যোগ

পূর্ব রেলের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (DRM) বিশাল কাপুর জানিয়েছেন যে, পুজোর দিনগুলোতে হাওড়া মেট্রো স্টেশনে ট্রেন পৌঁছানোর সময়ের সাথে সামঞ্জস্য রেখে লোকাল ট্রেন ছাড়ার সময়সূচি নির্ধারণের পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে যাত্রীরা মেট্রো থেকে নেমে সহজেই লোকাল ট্রেন পরিষেবা ব্যবহার করতে পারবেন। অপেক্ষা করে দাঁড়িয়ে থাকতে হবে না স্টেশনে। ফলে ভিড়ও নিয়ন্ত্রণে থাকবে। 

স্বাভাবিক কারণেই পূজার দিনগুলোতে অন্যান্য সময়ের তুলনায় হাওড়া স্টেশনে যাত্রীদের ভিড় অনেকটাই বেড়ে যায়, বিশেষ করে বিকেলের পর এই ভিড় আরও বাড়ে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, এই পরিস্থিতি সামাল দিতে মেট্রো ও লোকাল ট্রেনের সময়সূচির মধ্যে সমন্বয় করা হলে যাত্রীদের পক্ষে যাতায়াত করা অনেক সহজ হয়ে যাবে।

আরও পড়ুন: পুজোর আগেই খুলছে দ্বিতীয় ফারাক্কা সেতু, কবে?

হাওড়ার ডিআরএম এও জানিয়েছেন যে, মেট্রো ও লোকাল ট্রেনের জন্য একটি সমন্বিত সময়সূচি তৈরির কাজ ইতিমধ্যেই চালু হয়ে গেছে। যাত্রীদের সুবিধার জন্য চূড়ান্ত সময়সূচিটি শীঘ্রই রেলের তরফে প্রকাশ করা হবে। প্যান্ডেল হপিংয়ে বেরিয়ে যাত্রীদের যাতে কোনো ধরনের যাতায়াত-সংক্রান্ত সমস্যায় পড়তে না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য রেল সক্রিয়ভাবে কাজ করছে।

google button