প্রীতি পোদ্দার, কলকাতা: অনুপ্রবেশকারীদের রুখতে এবার বিজেপি সরকার উঠে পড়ে লেগেছে। উন্মুক্ত সীমান্তে ভারতের জমিতে BSF কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করতেই বাংলাদেশ সীমান্ত এলাকার BGB-দের মধ্যে কাজে বাধা দেওয়ার প্রবণতা দেখা দিয়েছে। আর এমন পরিস্থিতিতে তাদের সতর্ক করে দিলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। হুঁশিয়ারি দিলেন ফলাফল খুব একটা ভালো হবে না।
সীমান্তে জমি মাপতে বাধা
বাংলায় বিজেপি সরকার তৈরির পরই বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ জোর কদমে শুরু হয়েছে। এদিকে অনুপ্রবেশ, চোরাচালান ও পাচার বন্ধের জন্য ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু হতেই বাংলাদেশি চোরা কারবারিদের মাথায় হাত পড়েছে। এমনকি আঁতে ঘা লেগেছে বাংলাদেশ বর্ডার গার্ড বা BGB-দের। কোচবিহারের মেখলিগঞ্জের তিনবিঘা করিডর সীমান্তে কাটাতারের বেড়া লাগানোর কাজ করার জন্য BSF জমি মাপতে গেলে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীরা বাধা দেয়। আর তাতেই শুরু হয়েছিল বিবাদ। এবার সেই অভিযোগের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন মিঠুন চক্রবর্তী।
কী জানিয়েছেন মিঠুন
রিপোর্ট অনুযায়ী, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার, কোচবিহার রিজিওনাল ক্যান্সার সেন্টার পরিদর্শন করতে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। মূলত এই ক্যান্সার সেন্টারের পরিকাঠামো উন্নয়নের জন্য তিনি এসেছিলেন। সেখানে জেলার স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে কোচবিহার সার্কিট হাউসে একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। এরপরই সাংবাদিকদের সঙ্গে মুখোমুখি হন তিনি। তখনই জমি হস্তান্তরের প্রসঙ্গ ওঠে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীরা সীমান্তে বেড়া দিতে বাধা দেওয়ার কথা উঠতেই তিনি বলেন, “বিজেবি কাজ বন্ধ করে দেওয়ার ধমকি দিয়েছে। এখন শুধু অপেক্ষা করে দেখা উচিত এর পরিণাম কী হয়।”
আরও পড়ুন: অনুপ্রবেশ ঠেকাতে BSF-কে জমি দান কোচবিহারের বাসিন্দাদের
জমি হস্তান্তরের বিষয়টি নিয়ে যদিও মিঠুন চক্রবর্তী কোনো অধিক মন্তব্য করতে চাননি। কারণ, রাগে তিনি খারাপ কিছু বলে দিলে ভবিষ্যতে বিরোধীরা একাধিক কটাক্ষ করতে পারেন। কিছুদিন আগেই সাংবাদিকদের সামনেই বাংলার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেছিলেন মিঠুন। তাঁর মতে, শুভেন্দুর কাঁধে দায়িত্ব চাপার পরই সীমান্তে কাঁটাতার লাগানোর কাজ দ্রুত গতিতে শুরু হয়ে গিয়েছে। তাঁর বিশ্বাস, বাংলায় অনুপ্রবেশ রুখতে বিজেপি সরকার বড় সাফল্য অর্জন করবেই।










