NRS হাসপাতালে কর্মরত নার্সের রহস্যমৃত্যু, শৌচালয় থেকে উদ্ধার দেহ

Published:

NRS Hospital

প্রীতি পোদ্দার, কলকাতা: আরজি করের স্মৃতি ফিরে এল এবার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে (NRS Hospital), রহস্যজনক মৃত্যু হল কর্মরত নার্সের (Nurse Death)। জানা গিয়েছে, বুধবার রাতে হাসপাতালে স্ত্রী রোগ বিভাগের শৌচালয় থেকে উদ্ধার করা হয় ৩০ বছরের ওই নার্সের দেহ। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। মৃত ওই নার্সের দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ওই রিপোর্টে স্পষ্ট হতে পারে তাঁর মৃত্যুর কারণ। ইতিমধ্যে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ও (Sharadwat Mukherjee) এনআরএস-এ গিয়েছেন।

রহস্যজনক মৃত্যু নার্সের

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গতকাল, বুধবার রাতে NRS হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের এইচডিইউতে ডিউটি করছিলেন বছর ৩০ এর ওই নার্স, রূপালী বর্মণ। তাঁর বাড়ি দমদমে। রাত ৮টায় তাঁর ডিউটি শুরু হয়েছিল। কাজের মাঝে শৌচালয়ে যান তিনি। তারপর বেশ কিছুক্ষণ কেটে গেলেও ফিরে আসেননি তিনি। পরে কাজের জায়গায় তাঁকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন হাসপাতালের অন্য কর্মীরা। শেষে ওই এইচডিইউ বিভাগের শৌচালয় থেকেই তাঁর দেহ উদ্ধার করা হয়। দেহ উদ্ধারের পর পরই এনআরএস-এর পুলিশ ফাঁড়িতে খবর পাঠানো হয়। সেখান থেকে খবর যায় এন্টালি থানায়। রাতেই স্থানীয় থানা এবং লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকেরা হাসপাতালে পৌঁছোন। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ফেন্টানিল ব্যবহার করেছিলেন নার্স?

হাসপাতালের কর্মীদের তরফে জানা গিয়েছে, গতকাল, এইচডিইউয়ের নার্সিং স্টেশনে কাজে যোগ দেওয়ার পর ফেন্টানিলের তিনটি ভায়াল নিয়ে শৌচালয়ে চলে যান ওই নার্স। জানা গিয়েছে, রোগীদের ঘুম পাড়ানোর জন্য ফেন্টানিল ব্যবহার করা হয়। চিকিৎসকদের আশঙ্কা এই ওষুধ নার্সের কনুইয়ের সন্ধিস্থলের শিরায় ইনজেক্ট করা হয়েছে, আর তাতেই হয়তো এই মৃত্যু। যদিও কিছুই স্থির করা যাচ্ছে না, যতক্ষণ না ময়না তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসছে। তবে পুলিশ জানাচ্ছে, মৃত নার্সের শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। এমনকি ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোটও উদ্ধার হয়নি। অন্যদিকে এই ঘটনার খবর পেতেই এনআরএস হাসপাতালে গিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কথা বলেন হাসপাতালের আধিকারিকদের সঙ্গে।

আরও পড়ুন: ‘ইতিহাস বলেছি’ মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও বদলায়নি নেতাজিকে অপমানকারী অনন্ত মহারাজ

প্রসঙ্গত, ঘটনা এক না হলেও ঠিক এরকমই নার্সের রহস্য মৃত্যুর খবর পাওয়া হয়েছিল দু’বছর আগে, ২০২৪ সালের আগস্টে। আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলা থেকে উদ্ধার করা হয়েছিল মহিলা চিকিৎসক-পড়ুয়ার দেহ। অভিযোগ তাঁকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। কিন্তু আজও মৃতার পরিবার বিচার পায়নি। এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে সেইসময় তোলপাড় হয়ে উঠেছিল গোটা রাজ্য। এ বার ফের কলকাতার এক সরকারি হাসপাতালে রহস্যজনক ভাবে মৃত্যু হল এক নার্সের। এখন দেখার এই তদন্ত কোন দিকে মোর নেয়।