থাকবে না খানাখন্দ, পুজোর আগে গ্রামীণ সড়ক উন্নয়নে ২০৫০ কোটি বরাদ্দ নবান্নর

Published:

Nabanna

প্রীতি পোদ্দার, কলকাতা: পরিবর্তনের বাংলায় আসছে নয়া চমক, দুর্গাপুজোর আগেই এবার গ্রামীণ রাস্তা সংস্কারে (West Bengal Road Repair) উদ্যোগী হচ্ছে নবান্ন (Nabanna)। শুধু তাই নয়, এই রাস্তা সংস্কারের ক্ষেত্রে প্রায় ২,০৫০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ব্যাপক খুশি বঙ্গবাসী। পূর্বতন সরকারের আমল থেকে ভাঙাচোরা রাস্তা নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ উঠে আসছে, তাই এবার দেখার পালা নয়া বিজেপি সরকার এই সমস্যা দূর করতে পারে কিনা।

রাস্তা তৈরির জন্য ২,০৫০ কোটি টাকা বরাদ্দ

বাংলায় আজও বেশ কিছু প্রত্যন্ত অঞ্চল সহ নানা গ্রামীণ রাস্তা আজও ভাঙ্গা, নির্বাচনের আগে নেতা মন্ত্রীরা ঝুরি ঝুরি প্রতিশ্রুতি দিয়ে গেলেও ভোট মিটতেই সব উধাও হয়ে যায়। বর্ষায় বৃষ্টির তোড়ে, কখনও বা ভারী যানবাহনের চাপে রাস্তার দোষ দিনে দিনে বেহাল হয়ে যাচ্ছে ৷ তাই এবার সেই চেনা ছবিটা পুজোর আগে বদলাতে বড় উদ্যোগ নিল বিজেপি সরকার ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তে গ্রামীণ সড়ক মেরামতি, সংস্কার ও সম্প্রসারণের জন্য নতুন করে প্রায় ২,০৫০ কোটি টাকা বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ, অতিরিক্ত রাজ্য তহবিল এবং পূর্বতন সরকারের পথশ্রী প্রকল্প এই তিন খাত মিলিয়েই এই বিপুল অর্থ বরাদ্দ করা হচ্ছে।

রাস্তা সংস্কার নিয়ে বৈঠক শুভেন্দুর

প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, গত বুধবার নবান্নে গ্রামীণ সড়ক উন্নয়ন নিয়ে বিশেষ বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উৎসবের মরসুমের আগে কীভাবে দ্রুত বেহাল গ্রামীণ রাস্তা চিহ্নিত করে সংস্কারের কাজ শুরু করা যায় এবং সড়ক ব্যবস্থা উন্নত করা যায়, তা নিয়ে নানা আলোচনা করা হয়েছিল। তখনই সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ থেকে গ্রামীণ সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজে ৮০০ কোটি টাকা খরচ করা হবে। পাশাপাশি রাজ্য সরকার অতিরিক্ত ৫০০ কোটি টাকা বরাদ্দ করবে এই সড়ক ব্যবস্থার জন্য। এছাড়াও তৃণমূলের আমলে যে পথশ্রী প্রকল্প শুরু হয়েছিল তার কাজ শেষ করা হবে। তার জন্য আরও ৭৫০ কোটি টাকা খরচ করা হতে চলেছে।

আরও পড়ুন: তাড়াতাড়ি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পুজো করলেন মহিলারা, ব্যতিক্রমী চিত্র পূর্ব বর্ধমানে

সরকারি আধিকারিকদের তরফে জানা গিয়েছে, গ্রামীণ সড়ক উন্নয়নের কাজ সম্পূর্ণ হওয়ার আগেই ভিবি জি রামজি প্রকল্পের অধীনেও রাস্তা উন্নয়নের কাজ শুরু করবে রাজ্য সরকার। এছাড়াও বিভিন্ন জেলায় প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজও চলছে। উল্লেখ্য, পূর্বতন রাজ্য সরকার গ্রামীণ সড়ক নির্মাণে বিশেষ গুরুত্ব দিলেও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে এবং কাঁচামালের জোগান কম থাকায় বহু এলাকায় রাস্তার অবস্থা বর্তমানে অত্যন্ত খারাপ। এই নিয়ে নবান্নে বহু অভিযোগও জমা পড়েছিল। এখন দেখার এই সরকার তাঁর প্রতিশ্রুতিতে কতটা অনড় থাকে।