তাড়াতাড়ি অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পুজো করলেন মহিলারা, ব্যতিক্রমী চিত্র পূর্ব বর্ধমানে

Published:

Bardhaman Annapurna Yojana

বিক্রম ব্যানার্জী, কলকাতা: “কারও ঢুকেছে, কারও ঢোকেনি…” অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে এটাই বাংলার বর্তমান চিত্র। যদিও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) তরফে স্পষ্টভাবে জানানো হয়েছে, যোগ্য প্রত্যেক মহিলা এই বিশেষ প্রকল্পের আওতায় মাসিক ভাতা পাবেন। নতুন করে আরও 50 লাখ মহিলাকে অন্নপূর্ণা যোজনার আওতায় নিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এমতাবস্থায়, অন্নপূর্ণা যোজনা নিয়ে এক ভিন্ন চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)।

অন্নপূর্ণা যোজনার টাকা পেতে পুজো দিলেন মহিলারা

ছবিটা পূর্ব বর্ধমানের রায়না 1 ব্লকের উচিতপুর গ্রামের। গতকাল অর্থাৎ রবিবার, গ্রামের মহিলারা পুরোহিত ডেকে এনে বিষহরি মায়ের মন্দিরে পুজো দেন। এদিন, গোটা কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন জামালপুর বিধানসভার 4 নম্বর মন্ডলের মন্ডল সভানেত্রী ডালু ধাড়া। তিনি জানান, “আমরা ইতিমধ্যেই অনেকে অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে গিয়েছি। যাঁরা এখনও পর্যন্ত পাননি সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শুরু হবে, তারপরেই যাচাই করে টাকা দিয়ে দেওয়া হবে যোগ্য মহিলাদের।”

এদিন ওই মন্ডল সভানেত্রী আরও বলেন, “যাঁরা ইতিমধ্যেই টাকা পেয়ে গিয়েছেন খুশি হয়ে মায়ের পুজো দিলেন আজ। যাঁরা এখনও ভাতা পাননি তাঁরা যাতে দ্রুত সেই অর্থ পেয়ে যান, এমন কামনা করেই মায়ের পুজো দেওয়া হল।” এদিন পুজোর উদ্যোক্তাদের মধ্যে কয়েকজন মহিলা জানালেন, যাঁরা এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পাননি তাঁদের জন্যই পুজো করা হল। খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে।

আরও পড়ুন: ভাসবে বাংলদেশ! ফারাক্কার সব গেট খুলে দেওয়ার আর্জি

প্রসঙ্গত, রাজ্যে অন্নপূর্ণা যোজনা প্রকল্প কার্যকর হওয়ার পর থেকেই একটা বড় অংশের মহিলার অভিযোগ, প্রকল্পের সমস্ত শর্ত পূরণ করার পরেও পাচ্ছেন না এই বিশেষ প্রকল্পের অর্থ। এমতাবস্থায়, রাজ্যের নানান প্রান্তে যেখানে মহিলারা এই প্রকল্প থেকে টাকা না পেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন সেই পর্বে একেবারে ভিন্ন চিত্র ধরা পড়ল পূর্ব বর্ধমানের গ্রাম উচিতপুরে।