খাস কলকাতায় ভাঙা হল নেতাজির মূর্তি, কারা করল? তদন্তে নামল পুলিশ

Published:

Netaji Statue

সৌভিক মুখার্জী, কলকাতা: নেতাজি সুভাষচন্দ্র বসুর অপমান মানা হবে না, জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমনকি প্রকাশ্যে দিনের পর দিন নেতাজিকে অপমান করা অনন্ত মহারাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে সবকিছুর মধ্যেই ফের ন্যাক্কারজনক ঘটনা। খাস কলকাতার বুকে এবার ভাঙা হল মহান বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি (Netaji Statue)। নিউ আলিপুরে ঘটানো হয়েছে এই লজ্জাজনক কাজ। কিন্তু কারা নেতাজির মূর্তি ভাঙল, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও তথ্য সামনে আসেনি। কিন্তু এ নিয়ে ফের রাজ্য রাজনীতিতে নিন্দার ঝড় বইছে।

কলকাতার বুকে ভাঙা হল নেতাজির মূর্তি

একজন ভারতীয় হয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুকে অপমান করার দুঃসাহস কজন দেখাতে পারে? সেই লজ্জাজনক ঘটনাই এবার ঘটছে বাংলার বুকে। প্রকাশ্যে অপমানজনক মন্তব্য করা হচ্ছে তাঁকে নিয়ে, যিনি নিজের রক্তের বদলে আমাদেরকে ব্রিটিশ শাসনের হাত থেকে স্বাধীন করেছিলেন। তবে সোশ্যাল মিডিয়ায় এখন নেতাজিকে নিয়েই কুরুচিকর মন্তব্য করছে অনেকে। বিজেপি সাংসদ নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ প্রকাশ্যে অপমান করেছেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে। তবে গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সুর চড়িয়েছেন তাঁর বিরুদ্ধে। এমনকি তৃণমূল আমলে দেওয়া অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ পুরস্কার কেড়ে নেওয়া হয়েছে আজ।

তবে গতকাল মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির ২৪ ঘণ্টা কাটার আগেই কলকাতার বুকে ভাঙা হল নেতাজির মূর্তি। নিউ আলিপুরের ৮১ নম্বর ওয়ার্ডে নেতাজির একটি মূর্তির হাত ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে কোনও দুষ্কৃতীরা ভাঙচুর করেছে মহান বিপ্লবীর এই মূর্তি। এমনকি বিজেপির নেতা-নেত্রীদের অভিযোগ, দুষ্কৃতীরাই এই অপকর্ম ঘটিয়েছে।

আরও পড়ুন: নেতাজিকে অপমানের জের, মমতার দেওয়া অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ ফেরাল রাজ্য সরকার

ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে কারা এই মূর্তি ভাঙার পেছনে রয়েছে তা এখনও পর্যন্ত সামনে আসেনি। কিন্তু স্থানীয় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এমনকি আজ দুপুরে মূর্তির পাদদেশে বিজেপি কর্মীরা জড়ো হয়ে স্লোগানও তোলেন। তাদের দাবি, আজ সকালেই ওই মূর্তিটির হাত ভাঙা অবস্থায় দেখা যায়। তবে ওই জায়গায় নতুন মূর্তি বসিয়ে আগামী ১৫ আগস্ট নেতাজিকে সম্মান জানানো হবে বলেই জানিয়েছেন বিজেপির কর্মীরা। ইতিমধ্যেই শুরু হয়েছে খোঁড়াখুঁড়ি। পাশাপাশি পুলিশ এই অপকর্মের পিছনে কারা যুক্ত রয়েছে তা খোঁজার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে।